মহাত্মা গান্ধী প্রকৃতিকে দেখতেন জীবন্ত সত্তা হিসেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধী শুধু মানুষের আর্থিক উন্নয়ন নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের চিন্তা করেছেন প্রায় ১০০ বছর আগে। তিনি প্রকৃতিকে দেখতেন একটি জীবন্ত সত্তা হিসেবে। আজকের পরিবেশবাদীরা গান্ধীর চিন্তা থেকে অনেক অনুপ্রেরণা পেয়ে থাকেন।

আজ শনিবার ‘মহাত্মা গান্ধীর দৃষ্টিতে উন্নয়ন ও পরিবেশ’ শীর্ষক এক ভার্চু৵য়াল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। মহাত্মা গান্ধীর ৭৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ‘মহাত্মা গান্ধী স্মারক সদন’ এই আলোচনা সভার আয়োজন করে।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, মহাত্মা গান্ধী ছিলেন বহুমাত্রিক মানুষ। তিনি বিশ্বাস করতেন বৈষম্যের ওপর প্রতিষ্ঠিত কোনো সমাজ শেষ পর্যন্ত টেকসই হতে পারে না। তাঁর উন্নয়নচিন্তার প্রথম দর্শন ছিল ‘পরিবেশ ভাবনা’। আজ টেকসই উন্নয়নের যে ধারণা, তা গান্ধীর চিন্তা থেকে অনেকটাই উৎসারিত।

অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গান্ধী ব্যক্তিগত দায়িত্বশীলতাকে খুব গুরুত্ব দিতেন। ঝুঁকি নিয়ে সত্যের পক্ষে দাঁড়াতেন। তিনি মহাত্মা গান্ধী স্মারক সদনের প্রতিষ্ঠাতা প্রয়াত লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদকে স্মরণ করেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মকসুদ ভাইও একইভাবে অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়াতেন।’

মানুষ প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতি থেকে সমৃদ্ধ হবে, এই চিন্তা মহাত্মা গান্ধীর ছিল বলে মন্তব্য করেন কলকাতার গান্ধী সংগ্রহালয়ের পরিচালক প্রতীক ঘোষ। তিনি বলেন, মহাত্মা গান্ধী উঁচুমানের জীবন ধারণের বিরোধী ছিলেন বললে ভুল হবে। উঁচুমানের জীবন সবার জন্য নিশ্চিত করতে হবে, এটিই ছিল তাঁর প্রত্যাশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দ নাসিফ মকসুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক শুভ কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’–এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির।