মাগুরা খালের জলকপাট ভেঙে এলাকা প্লাবিত

সাতক্ষীরার তালা উপজেলায় গতকাল শনিবার মাগুরা খালের জলকপাট (স্লুইসগেট) ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। পানির চাপে তালা-পাটকেলঘাটা সড়কের মাগুরা বাজার-সংলগ্ন অংশ ধসে যায়। পরে মাটি দিয়ে কপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
কপোতাক্ষ নদের পানি বাড়ায় গত শুক্রবার দুপুরে মাগুরা বাজার-সংলগ্ন ওই খালের জলকপাটে ভাঙন দেখা দেয়। গতকাল বেলা ১১টার দিকে কপাট ভেঙে যায়। এরপর খালের পানি ঢুকে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এসব এলাকায় আমনের বীজতলা ও মৎস্যঘের তলিয়ে গেছে।
খবর পেয়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ বেলা একটার দিকে ওই এলাকা পরিদর্শনে যান। সেখানে গ্রামবাসী মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের নিয়ম অনুযায়ী জলকপাটের কাজ না করার অভিযোগ তোলেন।
ওই ইউপির সদস্য আবদার আলী এবং মাগুরা গ্রামের নজরুল ইসলাম ও শংকর বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ কপোতাক্ষ নদের সংযোগ মাগুরা খাল সংস্কার প্রকল্পের সভাপতি ছিলেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে সমঝোতা করে এ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করেছেন। প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন না করে লুটপাট করেছেন। যথাযথ কাজ না হওয়ায় ভাঙন দেখা দিয়েছে। জলকপাট আবার ভেঙে গেলে মাগুরা, জালালপুর ও খলিষখালী ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ বলেন, মাটি দিয়ে ইতিমধ্যে জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি পাউবোর প্রাক্কলন অনুযায়ী কাজটি বাস্তবায়ন করেছেন। অনিয়ম করা হয়নি।
যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামী বলেন, কপোতাক্ষ নদ খনন করার পর পানির চাপ বেড়েছে। মাগুরা খালের ওপর ওই জলকপাট নাজুক অবস্থায় ছিল। ফলে কপাট ভেঙে যায়। ঘটনাস্থলে দুজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তাঁদের কাছে শুনে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ বলেন, জলকপাট ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। দ্রুত ব্যবস্থা না নিলে তিনটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।