মাঘের শেষে বৃষ্টি চট্টগ্রামেও, আরও বৃষ্টির পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস
ছবি: প্রথম আলো

মাঘের শেষে তীব্র শীতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে চট্টগ্রামেও। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। মূলত, গতকাল শুক্রবার রাত ১১টার পর থেকে নগরের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। রাতভর থেমে থেমে হালকা বৃষ্টি অব্যাহত থাকে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ বলেন, কিছু কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

আজ সকালেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এদিন দুপুরের পর থেকে বৃষ্টি কমে বিকেল নাগাদ মেঘ সরে যেতে পারে। বৃষ্টি কমে এলেও আজ রাত থেকে দেশের বেশির ভাগ এলাকায় আবার জেঁকে বসতে পারে শীত; বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকবে।

আগামীকাল রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।