ঘূর্ণিঝড় ইয়াস
‘মাছ–পোনা সব শ্যাষ’
বরিশালসহ দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কম ছিল। বাড়িঘর তেমন বিধ্বস্ত হয়নি। আর্থিক ক্ষতি বেশি
বঙ্গোপসাগর উপকূলের এলাকা বড় অংকুজানপাড়া। এটি বরগুনার তালতলী উপজেলায় অবস্থিত। ওই এলাকার মাছচাষি আলমগীর হোসেন (৫০) তিন একর জমি একসনা পত্তন নিয়ে ঘের করেছিলেন। এর পাশে সূর্যমুখী-সবজিখেত। খরচ হয়েছিল প্রায় ৭ লাখ টাকা। ঘের ও সবজিখেত নিয়ে তিনি কপাল বদলানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের হানায় সেই স্বপ্ন চুরমার।
গতকাল শুক্রবার সকালে ঘেরের পাশে দাঁড়িয়ে আলমগীর হোসেন বলছিলেন, ‘অ্যার চাইতে বইন্না ভালো। বইন্না অইলে তো ক্ষতির চিহ্ন থাহে। কিন্তু এহন যা অইছে হেইয়্যা তো দ্যাহা যায় না। মাছ-পোনা সব শ্যাষ।’
এলাকার আরেক মাছচাষি ইসমাইল হোসেন (৫২) আক্ষেপ করে বলছিলেন, ‘এই বইন্নায় মোগো ঘর ভাঙে নায়। কিন্তু মোগো মেরুদণ্ড ভাঙছে।’
আলমগীর হোসেন ও ইসমাইল হোসেনের মতো মাছচাষিরা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিভাগীয় মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইয়াসের প্রভাবে জোয়ার–জলোচ্ছ্বাসে বরিশাল বিভাগের মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে বিভাগের ৬ জেলায় ভেসে গেছে ২ হাজার ৮৬১ হেক্টর আয়তনের ১৭ হাজার ২০৯টি ঘের ও পুকুরের মাছ। এতে ২ হাজার ৫৩৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে। আর অবকাঠামো ক্ষতি হয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকা। মৎস্য খাতে মোট প্রাথমিক ক্ষতির আর্থিক পরিমাণ ৮২ কোটি ৮ লাখ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পটুয়াখালীতে ৫৫ কোটি ২৩ লাখ টাকা। এই জেলায় ৫৯৬ হেক্টর আয়তনের ২ হাজার ১৫২টি ঘের-পুকুরের মাছ ভেসে গেছে। ভোলায় ৩৭৩ হেক্টর আয়তনের ২ হাজার ৩৫১টি ঘের-পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে ১৩ কোটি ৫ লাখ টাকার বেশি। পিরোজপুরে ৫ কোটি ৬০ লাখ, বরিশালে ৪ কোটি ৩৫ লাখ, ঝালকাঠিতে ২ কোটি ৮০ লাখ টাকা এবং বরগুনায় ১ কোটি ২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মাঠপর্যায়ের মাছচাষিরা বলছেন, সরকারি এই হিসাব পূর্ণাঙ্গ নয়। সরকারি হিসাবের চেয়ে মাঠপর্যায়ে ক্ষতির পরিমাণ তিনগুণের বেশি। অবশ্য বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় মৎস্য অধিদপ্তর এই তালিকা প্রকাশের পর বলেছে, যেহেতু দুর্যোগ এখনো চলমান, তাই এটা প্রাথমিক হিসাব। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পেতে আরও সময় লাগবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই জেলায় বেশি মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে তালতলী উপজেলায়। এখানে ৬৯৯টি মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। আমতলী উপজেলায় ২৪০টি, সদর উপজেলায় ১২৫টি ও ১৫৫টি ঘের ও পুকুরের মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
তালতলীর নিশানবাড়িয়ার ঘেরমালিক জাকির হোসেন কয়েক বছর আগে ধারদেনা ও ঋণ করে ১০ একর জমিতে ঘের করেছিলেন। গত বছর আম্পানে সেই ঘেরের অধিকাংশ মাছ জোয়ারে ভেসে যায়। আবার ধারদেনা করে মাছ চাষ করেছিলেন। এবারের জোয়ারে আবার সব ভেসে গেছে। জাকির বলেন, ‘এহন যে কী দিয়া কী হরমু, কিচ্ছু কইতে পারি না।’
আম্পানের চেয়ে আর্থিক ক্ষতি বেশি
ইয়াসের প্রভাবে অধিক উচ্তার জলোচ্ছ্বসে দক্ষিণ উপকূলে মৎস্য খাতে ক্ষতি গত বছরের মে মাসে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের প্রায় দ্বিগুণ। এবার সরকারি হিসাবে বিভাগের ছয় জেলায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৮২ কোটি ৮ লাখ টাকা। আম্পানে ক্ষতি দেখানো হয়েছিল ২৫ কোটি ৫৩ লাখ টাকা।
বিভাগীয় মৎস্য বিভাগ আম্পানের পর ক্ষয়ক্ষতির যে তালিকা দিয়েছিল তাতে বলা হয়েছিল, আম্পানে বিভাগের মৎস্য সম্পদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা সর্বশেষ সিডরের পর আর হয়নি। আম্পানে বিভাগের জেলাগুলোয় ২৫ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের মাছ ভেসে যায়।