মাছমুরালের দিনকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছমুরালের ছবি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তুলেছেন আ ন ম আমিনুর রহমান

পাড়া কাঁপানো আর হাঁস-মুরগির পিলে চমকানো ভয়ংকর-সুন্দর ডাক শুনে ঘুম ভেঙে গেল। বেরোলাম ঘর থেকে। দিনের আলো ফুটেছে ভালোভাবে। পায়ে পায়ে এগিয়ে অনেকটা দূরে গিয়ে একটি পুকুরপাড়ের রাজশিরীষের ডালে দেখলাম, বড়সড় শিকারি পাখিটি। গলা ও মাথা আকাশমুখী করে ওটা মোহনীয় ভঙ্গিতে ডেকেই চলেছে জোরে জোরে।

আমার উপস্থিতি টের পেয়ে থামল পাখিটি। সন্দেহভরা চোখে টানটান গলায় দেখছে আমাকে। আশপাশের বহুদূর পর্যন্ত পৌঁছে গেছে ওই ডাকের শব্দ; উঠান–বাড়ি, মাঠ ও বাগানে চরতে থাকা মোরগ-মুরগিগুলো সতর্ক হয়ে গেছে। হাঁসগুলো পুকুর থেকে উঠে পড়েছে ছানাসহ। এটাই নিয়ম। কেননা, সুযোগ পেলেই হাঁস-মুরগির ছানা তুলে নেয় এরা জঙ্গি বিমানের মতো ডাইভ মেরে। ওদের নখরে গাঁথা শিকারের মুক্তি পাওয়ার উপায় থাকে না। ইঁদুর, তক্ষক, অঞ্জন, গিরগিটি, কাছিমসহ নির্বিষ সাপও নখরে গাঁথতে পারে এ পাখি সুকৌশলে। তবে প্রধান খাবার মাছ। এই সাতসকালে যে ডাকছে চরাচর কাঁপিয়ে; তার কারণ হলো, ওদের পূর্বরাগের পালা শুরু হয়ে গেছে, বাসা বাঁধবে শরৎ থেকে বসন্তকাল পর্যন্ত। শুকনা-সরু ডালপালা দিয়ে বড় গাছের মগডালে বড়সড় বাসা বানিয়ে তাতে এরা ডিম পাড়ে দুটি। ডিম ফুটে ছানা হয় ২৫ থেকে ২৮ দিনে। ওই যে ছানা হবে, তারপর থেকে মা ও বাবা পাখির দায়িত্ব-কর্তব্য যাবে বেড়ে। ‘খাই খাই’ স্বভাবের ছানাগুলো কান্নাকাটি করে সারা দিনই খেতে চাইবে। মা-বাবা পাখি গ্রামের পুকুর, দিঘি বা মাছের ঘের থেকে রুই, কাতলা, মৃগেল বা কালবাউশ নখে গেঁথে এনে বাসায় রাখবে। এক পায়ের নখে চেপে বা গেঁথে শক্তপোক্ত ধারালো ঠোঁট দিয়ে ঠুকরে-ছিঁড়ে ছোট ছোট টুকরা করে, এরপর ছানাগুলোর মুখে তুলে দেবে পরম সোহাগে।

পাখিটি সাহস ধরে রাখতে না পেরে উড়াল দিয়ে চলে গেল আমার চোখের আড়ালে। ঘটনাটি গত বছরের ১৭ সেপ্টেম্বরের, গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমি। আবার যাই গত ২৫ ফেব্রুয়ারি, থাকি টানা ২৩ দিন। ১৯ মার্চ ঢাকায় ফিরি। সেই যে পাখিটির পূর্বরাগ দেখে এসেছিলাম সেপ্টেম্বরে, সেটি তার সঙ্গীকে নিয়ে বাসা বেঁধেছিল বড় একটি রাজশিরীষের গাছে। ওই বাসায় ছানা হওয়ার পর থেকে মরণপণ ও বেপরোয়াভাবে মাছ শিকারের জন্য পাখি দুটিকে প্রাণ দিতে হয় মানুষের হাতে।

কেননা, আমাদের ফকিরহাট-বাগেরহাট তথা বৃহত্তর খুলনা জেলার কোথাও প্রাকৃতিক বা উন্মুক্ত কোনো জলাশয় আজ আর নেই, যেখান থেকে ওই শিকারি পাখিগুলো স্বচ্ছন্দে আর নির্ভয়ে মাছ শিকার করে খেতে পারে বাÑখাওয়াতে পারে ছানাগুলোকে। খুলনা বিভাগব্যাপী আজ নানা রকম মাছের হাজার হাজার ঘের। পুকুর ও দিঘিতে নিবিড় মাছ চাষ চলছে।

এই পাখি প্রতিদিন ১০০ থেকে ৭০০ গ্রাম ওজনের পাঁচ–সাতটি মাছ শিকার করে। বাসায় ছানা হওয়ার পরে ওই সংখ্যা বেড়ে যায়। ছানাগুলো উড়তে শেখার পর শুরু করে শিকার। তাই মাছচাষিরা এই ক্ষতি কিছুতেই মেনে নিতে চান না।Ñটাকার অঙ্কও তো কম নয়! এ অবস্থা এখন কমবেশি সারা বাংলাদেশে চলছে; এরা খাবে কী! অথচ ৫০ থেকে ৬০ বছর আগেও প্রাকৃতিক জলাশয় বা বিল–ঝিল অনেক ছিল। সেখানে ছিল প্রচুর মাছ। কিন্তু এখন মাছখেকো এই শিকারি পাখিগুলোর জন্য সারা দেশেই যেন অলিখিত কারফিউ জারি করা আছে!

২৩ দিনই আমি খুলনা ও বাগেরহাটের বহু গ্রামে ঘুরেছি। ঢুকেছি সেখানকার বনে। সঙ্গে ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ ক্লাবের দু–তিনজন। উল্লিখিত শিকারি পাখি দেখি মোট ৩৭টি। কোনো কিশোর বা তরুণ পাখি নজরে পড়েনি। কারণ, ঘেরের মাছ খেতে এলে লোকজন এ পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করে ফেলে। তবে গত মার্চ মাসে শুনলাম ওদের ‘হুংকার-ডাক’, যা শুনে হাঁস-মুরগির বুক কাঁপে।

খাদ্যসংকট তথা বংশবৃদ্ধির সংকটে ভোগা সুন্দর এই শিকারি পাখির নাম মেছো ইগল, মাছমুরাল বা উখস। বাগেরহাট এলাকায় এর নাম মাছাল, বড় বাজ ও বাঁশকুড়োল। ইংরেজি নাম Grey-headed Fish Eagle। বৈজ্ঞানিক নাম ichthyophaga ichthyactus। দৈর্ঘ্য ৭৪ সেন্টিমিটার, ওজন ১.৬ থেকে ২.৭ কেজি। এ পাখির মোটাসোটা পা দুটিতে যেন চমৎকার ছাই-ধূসর সাদা উলেন মোজা পরানো। দারুণ সুন্দর! উড়লে নিচ থেকে মেলে থাকা সাদা রঙের লেজ ও পালকের সৌন্দর্যও মোহনীয়। এ পাখির ঘাড়, মাথা ও চিবুক ধূসর, পিঠ বাদামি, জলপাই বাদামি বুক, পেট সাদাটে ও কালচে ঠোঁট। পাখিগুলোর বড়শির মতো শক্ত-বাঁকা নখগুলো কালো।

পাখি ও বন্য প্রাণিবিষয়ক লেখক