মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

যারা রোদ–ঝলমল আকাশ দেখতে অস্থির হয়ে আছেন, তাঁদের জন্য দুঃসংবাদ। আবহাওয়া অফিস বলেছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে দেশের বেশির ভাগ জায়গা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও আছে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এক বা একাধিক স্থানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার আবহাওয়া পরিস্থিতির তথ্য প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে। অধিদপ্তর বলছে, আজ আবহাওয়া শুষ্ক আর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। সংস্থাটি আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত, গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ও আজকের সর্বনিম্ন তাপমাত্রার খবর দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ থাকবে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আজ গোপালগঞ্জে, তারপরই টাঙ্গাইলে। গোপালগঞ্জের তাপমাত্রা গতকাল ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর টাঙ্গাইলের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ২০ দশমিক ১ এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ ও নেত্রকোনার সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল যথাক্রমে ২১ দশমিক ৫ ডিগ্রি ও ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ এ দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ও ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস সীতাকুণ্ডে। এখানে তাপমাত্রা থাকবে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটের শ্রীমঙ্গলে তাপমাত্রা থাকবে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল বদলগাছিতে, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও আজ সেখানে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এখানে তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল তেঁতুলিয়ায়, ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন রাজারহাটে। সেখানে তাপমাত্রা আজ থাকবে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগের যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে আজ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ৭২ ঘণ্টায় রাত্রিকালীন তাপমাত্রা থাকবে কম।