মাটি কেটে ফসলি জমির সর্বনাশ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবাধে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি করা হচ্ছে। নিচু জায়গা ভরাট, ইটভাটায় ইট তৈরিসহ নানা কাজের জন্য ওই মাটি ব্যবসায়ীরা জমির মালিকদের কাছ থেকে কিনছেন। এতে ভবিষ্যতে মাটির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে ধস নামবে বলে আশঙ্কা করছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। অথচ প্রশাসন ও কৃষি বিভাগ মাটি কাটা বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১১ হাজার ৭০০ হেক্টর জমি আছে। এসব জমিতে তিনটি ফসল হয়। কয়েক বছর ধরে এসব জমির উপরিভাগের মাটি একশ্রেণির মাটি ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে কিনে ইটভাটায় বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছেন।
উপজেলার খিয়ারজুম্মা, দোয়ালীপাড়া, পাতাইপাড়া, বুড়িরহাট, চিকলী, দোলাপাড়া, ঘনিরামপুর ও অনন্তপুর এলাকায় সম্প্রতি ঘুরে দেখা গেছে, ধানি জমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটায় আগামী বছরের জন্য মজুত করা হচ্ছে।
খিয়ারজুম্মা গ্রামের সদানন্দ রায় জানান, খিয়ারজুম্মা এলাকার কৃষকেরা জমির উর্বরতা শক্তির ক্ষতির দিক চিন্তা না করে সাময়িক লাভের আশায় ইটভাটায় মাটি বিক্রি করছেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরও স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ মাটি কাটা বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বর্ষা মৌসুমে বন্ধ থাকলেও শুষ্ক মৌসুমে ধানি জমির মাটি কাটা হচ্ছে। নিষেধ করলেও কেউ মানছেন না।
মেনানগর গ্রামের মাটি ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘আমাদের দোষ কী। কারও জমির মাটি তো জোর করি কাটি না। কৃষকেরা মাটি বেচে বলে তো নগদ টাকায় কিনে ইটভাটায় বিক্রি করি।’
খিয়ারজুম্মা গ্রামের মাটি ব্যবসায়ী এনামুল হক জানান, ২৪ শতক জমিতে দেড় ফুট গভীর করে মাটি কেটে নিলে ২০ হাজার ঘনফুট মাটি পাওয়া যায়। ওই ২০ হাজার ঘনফুট মাটি শ্রমিক দিয়ে কেটে ট্রলিতে করে ইটভাটায় পৌঁছে দিলে ইটভাটার মালিক ৭০ হাজার টাকা দেন। এতে পরিবহন ও শ্রমিক বাবদ খরচ হয় ৩৯ হাজার টাকা। জমির মালিক পান ১৮ হাজার টাকা। ১৩ হাজার টাকা তাঁদের লাভ থাকে।
অনন্তপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, ‘২৪ শতক জমিত বছরে তিনবার আমন ধান, আলু, বোরো ধানের আবাদ করলে ১০-১১ হাজার টাকা লাভ হয়। কিন্তু ওই জমির মাটি বেচলে ১৮-১৯ হাজার টাকা পাওয়া যায়।’
ধানি জমির মাটি বিক্রিকারী খিয়ারজুম্মা গ্রামের কৃষক সাইফুল হোসেন বলেন, ‘ধান, আলুর দাম নাই, কিন্তুক টাকার খুব দরকার। এই জন্য জমির মাটি বেচাইছি। মাটি বেচাইলে জমির যে ক্ষতি হয়, তাক (তা) হামরা জানি না।’
তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ফসল উৎপাদনের জন্য যে জৈব পদার্থ দরকার, তা সাধারণত মাটির ওপর থেকে আট ইঞ্চি গভীর পর্যন্ত থাকে। কিন্তু ইটভাটার এলাকার কৃষকেরা মাটি ব্যবসায়ীদের কাছে জমির উপরিভাগ থেকে এক থেকে দেড় ফুট গভীর পর্যন্ত মাটি বিক্রি করছেন। এতে জমির উর্বরতা শক্তি—যা ফিরতে আট-নয় বছর লাগবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, জমির উপরিভাগের মাটি বিক্রি না করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা বলেন, ‘বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’