বৈদেশিক উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ কমাচ্ছে যুক্তরাজ্য; বাড়াচ্ছে জলবায়ু তহবিল খাতে। এই সিদ্ধান্ত বাংলাদেশসহ দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে নারীর স্বাস্থ্যসেবা, শিশুমৃত্যু কমানো কিংবা ম্যালেরিয়া প্রতিরোধের মতো মানবিক বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে দেশগুলোর জলবায়ু পরিবর্তনসংশ্লিষ্ট পদক্ষেপ কিছুটা লাভবান হবে।
জার্মানির বার্লিনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওই ঘোষণা দিয়েছেন। সম্মেলনে তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাজ্য ২০১৫ সালের মধ্যে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’-এ ৭২০ মিলিয়ন পাউন্ড দেবে। বিদ্যমান বৈদেশিক উন্নয়ন বাজেট থেকেই এ অর্থ দেওয়া হবে। ২০১৩-১৪ অর্থবছরে জলবায়ু খাতে যুক্তরাজ্যের বরাদ্দ ছিল ৩১০ মিলিয়ন পাউন্ড।
যুক্তরাজ্য প্রতিবছর বাজেটের শূন্য দশমিক ৭ শতাংশ অর্থ বৈদেশিক উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ রাখে। গত বছর এর পরিমাণ ছিল ১১ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড।
ডেইলি মেইল-এর এক প্রতিবেদন মোতাবেক, যুক্তরাজ্য জলবায়ু খাতে বরাদ্দ দেওয়ায় গত বছর জলবায়ু পরিবর্তনের শিকার দুই লাখ ৯০ হাজার ব্যক্তি সাহায্য পেয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল দুই লাখ। তবে এর ফলে মানবিক খাতগুলোতে সহায়তা উল্লেখযোগ্য হারে কমেছে। একই বছর নারী স্বাস্থ্যসেবায় ব্যয় ২২১ মিলিয়ন থেকে কমে হয়েছে ১৮৩ মিলিয়ন পাউন্ড। নিরাপদ জন্মদানে সাহায্যভোগীর সংখ্যা প্রায় তিন লাখ কমে সাত লাখে নেমে এসেছে। ম্যালেরিয়ার মতো মহামারি রোগ মোকাবিলার সহায়তা কমানো হয় প্রায় পাঁচ মিলিয়ন পাউন্ড। সেই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যসেবাভোগীর সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ থেকে কমে হয়েছে নয় লাখ। জলবায়ু তহবিলে প্রধানমন্ত্রী বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আগামী বছর এসব মানবিক খাতে সেবা প্রদান আরও হ্রাস পাবে।
মানবিক খাতে সাহায্য কমিয়ে জলবায়ু খাতে বরাদ্দ বাড়ানোয় সমালোচকেরা বলছেন, দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষের বাস্তবিক সমস্যাগুলোর চেয়ে সরকার এখন নজরকাড়া (ট্রেন্ডি) বিষয়ে দৃষ্টি দিচ্ছে। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি পিটার বোন বলেন, মানুষ চায় শিশুমৃত্যু রোধ কিংবা স্বাস্থ্যসেবার মতো বাস্তবিক ব্যাপারগুলোতে অর্থ ব্যয় হোক; জলবায়ু পরিবর্তনে নয়।
বার্লিন সম্মেলন থেকে চলতি বছরের মধ্যেই আট বিলিয়ন পাউন্ড (১০ বিলিয়ন মার্কিন ডলার) জলবায়ু তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র তিন বিলিয়ন ডলার এবং জাপান ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানি ও ফ্রান্স দেবে এক বিলিয়ন ডলার করে। সব মিলিয়ে ১৩টি রাষ্ট্র থেকে মোট নয় বিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে। দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং এর প্রভাব মোকাবিলায় এই অর্থ ব্যয় করা হবে।