মান্দার ফুলে সোনাকুলি

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের মান্দারগাছে সোনাকুলি।ছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে হবিগঞ্জের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে যখন নামলাম, চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। প্রায় সাড়ে চারটা বাজে। তবে দু-তিনটা রেস্তোরাঁ খোলা। মূলত ট্রাকচালক এবং তাঁদের সহকারীরা এখানে পানাহার ও বিশ্রাম করেন। ফজরের আজানের আগে আগে সাতছড়ি জাতীয় উদ্যানে পৌঁছাতে পারলে ভালো হতো। তবে এ সময় সাতছড়ি যাওয়ার জন্য কোনো অটোরিকশা যেমন নেই, তেমনি চা-বাগানের মাঝখান দিয়ে যাওয়াটাও অত্যন্ত বিপজ্জনক। মাঝেমধ্যেই ডাকাতি হয়। কাজেই মোড়ের ‘২৪ ঘণ্টা খোলা’ রেস্তোরাঁটিতে গিয়ে বসলাম। নাশতা খাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু গরম-গরম পরোটা ও গরুর মাংস দেখে লোভটা সামলাতে পারলাম না।

ঠিক এক ঘণ্টা পর সাতছড়ি যাওয়ার অটোরিকশার দেখা পেলাম। কাজেই দেরি না করে তাতে চেপে বসলাম। রাস্তা ফাঁকা থাকায় সাতছড়ি পৌঁছাতে মোটেও সময় লাগল না। গেস্টহাউস তখনো খোলেনি। আশপাশে কাউকেই দেখলাম না। কাজেই মালপত্রসহ উদ্যানের মান্দারগাছের পাশের টাওয়ারে উঠে গেলাম ভোর ছয়টার আগেই।

মান্দারের পাশের গাছ থেকে গোলাপি সহেলির ছবি তোলার পর ঠিক ৬টা ৪১ মিনিটে মান্দারের টকটকে লাল ফুলে ঠোঁট চালাল এক অনিন্দ্যসুন্দর পাখি। সোনারঙা কপালের পাতাসবুজ রঙের পাখিটির ছবি এর আগেও তুলেছি। কিন্তু সকালের প্রথম রোদে মান্দারের টকটকে লাল ফুলের পাশে পাখিটির সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেল! কাজেই এই চমৎকার ছবিটি তুলতে এক সেকেন্ডও দেরি করলাম না। ছবি তুলে মনপ্রাণ ভরে গেল, স্বর্গীয় সুখ পেলাম যেন! ১০ মার্চ ২০২১ সালের ঘটনা এটি। প্রায় ১৭ বছর আগে পাখিটিকে প্রথম দেখেছিলাম।

সোনাকপালের অনিন্দ্যসুন্দর এই পাখি এ দেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি সোনাকুলি। পাতা বুলবলি, হরবোলা, সবুজালি নামেও পরিচিত। ইংরেজি নাম গোল্ডেন-ফ্রন্টেড লিফবার্ড। গোত্র তুরডিডি ও বৈজ্ঞানিক নাম Chloropsis aurifrons। বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামে পাখিটি দেখা যায়।

পাখিটির দেহের দৈর্ঘ্য ১৭-১৯ সেন্টিমিটার। ওজনে পুরুষ ও স্ত্রী যথাক্রমে প্রায় ৩০ গ্রাম ও ২৫ গ্রাম। পুরো দেহ পাতার মতো সবুজ হলেও কপাল কমলা হলুদ বা সোনালি। চঞ্চু থেকে চোখ, চোখের কোল, মুখমণ্ডল হয়ে গলা পর্যন্ত কালো রঙের পালক, যার ঠিক মাঝখানে চিবুক ও গলার উপরাংশ বেগুনি নীল। গলার দুই পাশে এই কালোর নিচে ও বুকের ওপরাংশে হলুদ বা সোনালি হলুদ বর্ডার রয়েছে। ঈষৎ বাঁকা চঞ্চুটি কালো। গাঢ় বাদামি চোখ। পা ও পায়ের পাতা কালো। স্ত্রী পাখির কপালের সোনালি রং পুরুষের চেয়ে হালকা। ছানাগুলো পুরোপুরি সবুজ।

সোনাকুলি এ দেশের সব ধরনের বন ও বনের আশপাশের এলাকায় ব্যাপকভাবে বিস্তৃত। দিবাচর ও বৃক্ষচারী পাখিগুলো সচরাচর একাকী, জোড়ায় বা ছোট পারিবারিক দলে বিচরণ করে। মূলত ফুলের রস, পোকামাকড় ও ছোট ফল প্রিয় খাদ্য। এরা অত্যন্ত ছটফটে ও সক্রিয় পাখি। দেখতে যেমন সুন্দর, গানের গলাও বেশ। নানা স্বরে গান গায়, যেমন ‘হুইট, চা কি-হুই, সুই-চি-চি-উই, চুপ-চাও’। এমনকি অন্য পাখির স্বরও নকল করতে পারে। তাই তো হরবোলা নামেও পরিচিত।

মার্চ থেকে আগস্ট প্রজননকাল। এ সময় গাছের মগডালে কচি পাতা, ঘাস দিয়ে বাটির মতো পরিপাটি করে বাসা বানায়। স্ত্রী তাতে
২-৩টি ঘিয়ে রঙের ডিম পাড়ে, যা সে একাই তা দেয়। তবে পুরুষ ডিমে তা দানরত স্ত্রীকে খাওয়ায়। ডিম ফোটে প্রায় ১৪ দিনে। স্ত্রী-পুরুষ মিলেমিশে ছানাদের লালন-পালন করে। আয়ুষ্কাল চার বছরের বেশি।