মালাঘন্টির হেমন্ত উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালাঘন্টি ফুল। যশোরে মৎস্য ভবনের আঙিনায়।  ছবি: লেখক
মালাঘন্টি ফুল। যশোরে মৎস্য ভবনের আঙিনায়। ছবি: লেখক

যশোর মৎস্য ভবন প্রাঙ্গণে একটা বিশ্রামাগার আছে। তার আশপাশে একসময় কিছু বাহারি গাছ ও ফুলগাছের বাগান ছিল। অযত্নে তা প্রায় শেষ হতে চলেছে। ছেঁটেছুঁটে ন্যাড়া করে বিদায়ঘণ্টা বাজানো হচ্ছে আঙিনার একমাত্র কিশোর তমালগাছটিরও। প্রায় নিঃশেষিত সেই বাগানে এখনো আগাছার মতো বেঁচে আছে কয়েক ঝাড় মালাঘন্টি ফুলের গাছ। ঘাসের সঙ্গে মিলেমিশে বড় হচ্ছে।

ফুল না থাকলে গাছগুলোকে আলাদা করে চেনার উপায় নেই। অনাদরে পড়ে থাকা গাছগুলোতে ফুলের বাহারি উচ্ছ্বাস হেমন্তের সকালে মনকে মাতিয়ে দিল। কাছে গিয়ে হাতের পরশ বুলিয়ে অনাদৃত ফুলগুলোকে আদর করতে ইচ্ছে করল, সঙ্গে হেমন্তের শিশিরের ছোঁয়া। উজ্জ্বল বেগুনি রঙের ফুলগুলো পরশ পেয়েই যেন হেসে উঠল।

মালাঘন্টি ফুলের অন্য নাম বন পিটুনিয়া, ইংরেজি নাম সফট ওয়াইল্ড পিটুনিয়া থেকে এই নামকরণ। পিটুনিয়া ও পটপটি ফুলের সঙ্গে এ ফুলের মিল থাকলেও প্রজাতিগত বর্ণনায় মিল নেই। গাছের চেহারাও ভিন্ন। মালাঘন্টির উদ্ভিদতাত্ত্বিক নাম ruellia malacosperma। পরিবার একানথেসি। ফ্রান্সের জনৈক হার্বালিস্ট ও চিকিৎসক জিন রুয়েলির নামের সম্মানে এ উদ্ভিদের গণের নামকরণ করা হয়েছে। গাছ বীরুৎ শ্রেণির, ছোট ঝোপ হয়। উচ্চতায় বড়জোর এক মিটার হয়। গাছ বর্ষজীবী। পাতা সরু, অনেকটা ঘাস বা চিকন বাঁশপাতার মতো, পাতার রং গাঢ় সবুজ। বেশ ডালপালা হয়। ডালের রং কালচে বেগুনি।

শ্রাবণের শেষ থেকে শুরু করে আশ্বিন-কার্তিকজুড়ে ফুটতে থাকে মালাঘন্টির ফুল। ফুল ঘন্টাকৃতি, পাঁচটি পাপড়িযুক্ত হয়ে মাইকের চোঙের মতো। পাপড়ির রং বেগুনি, কেন্দ্রভাগ ঘন নীল বা গাঢ় বেগুনি। ফুলে কোনো গন্ধ নেই। পাতার বোঁটার গোড়া থেকে ফুল ফোটে। ফুল ফোটে অনেক। এ জন্য বাগানকে সৌন্দর্যময় করতে এ গাছ লাগানো হয়। অযত্নেও গাছ টিকে থাকে। বীজ থেকে চারা হয়।

মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চল মালাঘন্টির আদি নিবাস। খুলনার দৌলতপুর হর্টিকালচার সেন্টারেও এ ফুলগাছ আছে।