ভারি দুষ্টু ‘বনমাধুরী’। সারা দিন খেলা আর খেলা। হাঁপিয়ে গেলে মায়ের কোল জড়িয়ে চেটেপুটে দুধ পান করে এই দেড় মাস বয়সী হাতির বাচ্চাটি। সন্তানের চিন্তায় অস্থির মা ‘মুক্তিরানী’। চোখের আড়ালে গেলেই মায়ের কপালে ভাঁজ পড়ে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাতিশালে এভাবেই ভীষণ কড়া শাসনে বনমাধুরীকে আগলে রাখছে মা মুক্তিরানী।
শাসন এতটাই কড়া, স্বামী শেল বাহাদুরকেও বিশ্বাস করে না মুক্তিরানী। তাই বাবা শেল বাহাদুরও মেয়ে বনমাধুরীকে স্নেহের পরশ দিতে পারছে না।

গত বৃহস্পতিবার পার্কের হাতিশালে মাহুত পূর্ণসেন চাকমার কাছ থেকে এসব কথাই জানা গেল। হাতিশালে বড় ছয়টি হাতির মধ্যে শেল বাহাদুরই সবচেয়ে সাহসী। কিন্তু মুক্তিরানী বেশ খেপে থাকায় ভয়ে আছে শেল বাহাদুর। তাই হাতিটি ওর মেয়ের কাছেই যেতে পারে না। এ কারণে মা-মেয়েকে অন্য হাতিদের থেকে আলাদা রাখা হয়েছে।
পূর্ণসেন চাকমা জানালেন, মুক্তিরানী সন্তান লালনে বেশ খুঁতখুঁতে। মাথা সব সময় বেশ গরম। হাতিশালে ওর একটি পা শিকল দিয়ে বাঁধা থাকে।
বৃহস্পতিবার দুপুরেও এর প্রমাণ চোখে পড়ল। অচেনা কাউকে দেখলে রাগে ফোঁস ফোঁস করে মুক্তিরানী। বড় লম্বা শুঁড় দিয়ে বনমাধুরীকে জড়িয়ে রাখে। কলাগাছ দিয়ে মেয়েকে ঢেকে ফেলারও চেষ্টা করে ৪৬ বছর বয়সী মুক্তিরানী। লেজ নাড়তে নাড়তে বনমাধুরীও আহ্লাদে হয়ে পড়ে আটখানা। গত ২৭ আগস্ট মেয়েকে জন্ম দেওয়ার সময় থেকে খ্যাপাটে ভাব শুরু হয়েছে ওর। তবে মেয়ে সঙ্গে থাকলে শান্ত থাকে।
মুক্তিরানীর মেজাজ-মর্জি আরও কিছুদিন বিগড়ে থাকবে বলে জানান সহকারী বন সংরক্ষক ও সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, আবদ্ধ পরিবেশে দেশে হাতির সন্তান জন্ম দেওয়ার ঘটনা এটাই প্রথম। বনমাধুরীকে জন্ম দিয়ে মুক্তিরানীও প্রথমবারের মতো মা হয়েছে। সন্তানকে আগলে রাখার সব চেষ্টা যে মা করবে, এটাই স্বাভাবিক।
বনমাধুরী এখন শুধু দুধ খাচ্ছে। আর যত দিন মায়ের দুধ পান করবে, তত দিন মুক্তিরানীর সঙ্গে আলাদাই রাখা হবে তাকে। মায়ের দুধের যেন কমতি না হয়, সে জন্য বাড়তি খাবার হিসেবে মুক্তিরানীকে ৮০ কেজি আখ খেতে দেওয়া হচ্ছে। এর সঙ্গে অন্য খাবার তো আছেই।
১৮-২০ বছরে হাতি প্রজননক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। সাধারণত চার-পাঁচ বছর পরপর একটি করে বাচ্চা প্রসব করে হাতি। বাচ্চা সাধারণত সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর। জানা গেছে, সঙ্গীর অভাব ও বারবার স্থান বদলের কারণে মুক্তিরানী এত দিন মা হতে পারেনি। মায়ের দুধ পান করে বনমাধুরীর ওজন এখন প্রায় ৮০ কেজি হয়েছে। লম্বায় আড়াই ফুট ছাড়িয়ে গেছে।
হাতিশাল থেকে খানিক দূরে পার্কের টাইগার সাফারি। সেখানেও কড়া শাসন চলছে বাংলার বাঘের নয় মাস বয়সী তিন মেয়ে জয়া, বিলাসী আর মাধবীর ওপর। দক্ষিণ আফ্রিকার খামার থেকে আসা ওদের মায়ের কোনো নাম নেই। তবে জন্মের পরপরই ফুটফুটে তিন শাবকের নাম রাখেন বন কর্মকর্তারা। তিন মেয়েকে ভীষণ চোখে চোখে রাখে ওদের মা। জয়া, বিলাসী আর মাধবীরা ঝোপজঙ্গলের যেখানে যাক না কেন, ওদের মা-ও সেখানে যায়। শুয়ে-বসে থাকলেও কিছুক্ষণ পরপরই গলা উঁচিয়ে মেয়েদের নজর রাখে।
পার্কে বাঘ-সিংহদের খাবার খাওয়ানোর কাজ করেন নূরুন নবী। তিনি বললেন, টাইগার সাফারিতে ১১টি বাংলার বাঘ আছে। এর মধ্যে ৩টি বাচ্চা। বাচ্চারা মায়ের দুধ পান করে না। ওরা এখন খায় গরু আর খরগোশের মাংস। প্রতিদিন বিকেলে তিনটি বাচ্চা ছয় কেজি করে মাংস খায়। সপ্তাহের মঙ্গলবার খাবার দেওয়া হয় না। প্রতি শুক্রবার তিনটি জ্যান্ত খরগোশ খেতে দেওয়া হয়। প্রতিটি খরগোশের ওজন এক কেজি।
দেড় কেজি ওজন নিয়ে জন্মানো জয়া, বিলাসী ও মাধবীর ওজন এখন প্রায় ২৫ কেজি। তারা লম্বায় তিন ফুটের কিছু বেশি হবে বলে জানান নূরুন নবী।