মুন্সিগঞ্জে আকস্মিক ঝড়ে শতাধিক ঘর লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের গাউদিয়া গ্রামে ঝাড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে পড়ে আছে কয়েকটি বাড়িঘর। বাড়ির ওপর পড়ে আছে গাছ l ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের গাউদিয়া গ্রামে ঝাড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে পড়ে আছে কয়েকটি বাড়িঘর। বাড়ির ওপর পড়ে আছে গাছ l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় গতকাল রোববার সকালে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। উপড়ে গেছে সড়কের পাশের কয়েক শ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ ঝড়ের আঘাতে লৌহজং উপজেলার গাউদিয়া গ্রাম ও বাজারের শতাধিক বাড়িঘর ও দোকান লন্ডভন্ড হয়ে যায়। কয়েক শ গাছ উপড়ে পড়ে। কিছু গাছ ভেঙে বাড়িঘরের ওপরে পড়লে মসজিদসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় ৪০ জনের মতো আহত হন। পরে আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
একই সময় ওই উপজেলার কনকসার এলাকায় ঝড় আঘাত হানে। সেখানে কয়েকটি গাছ উপড়ে পড়ে। কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। কিছু সময়ের ব্যবধানে টঙ্গিবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় ঝড় আঘাত হানে। এ সময় সড়কের পাশের বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়িঘর। সিদ্ধেশ্বরী বাজারের ওষুধের ব্যবসায়ী আবদুর রব বলেন, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সিদ্ধেশ্বরী হিমাগারের আশপাশের বেশ কিছু গাছপালা ও কাঁচা ঘরবাড়ি উড়ে গেছে।
গাউদিয়া গ্রামের অজিত কুমার দে বলেন, ‘সকালে গোটা এলাকা অন্ধকার হয়ে আসে। এ সময় হঠাৎ বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে দেখি, বাড়িঘর উড়ে গিয়ে টিনের চালাগুলো কাগজের মতো উড়ছে।’ হারুন শেখ বলেন, তাঁর ওপর ঘরের বেড়া পড়লে তিনি আহত হন। তিনি কোনো রকমে উঠে দেখেন, চারদিকে সব ঘর ও গাছ পড়ে আছে। বাঁশঝাড়ের মধ্যে ২০-২৫টি বাঁশ উপড়ে আছে।
বাজারের ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, ‘বাজারের দোকানের টিনের চালা মুহূর্তেই উড়ে যায়। ভয়ে দোকান থেকে বাইরে চলে আসি। দেখি, গোটা বাজারের টিন ও বেড়া নাই। বাজারের পাশের কয়েকটি গাছ পড়ে আছে। এ সময় চারদিকে শুরু হয় আর্তচিৎকার।’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেকুজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক দল পাঠানো হয়। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রশাসনের পক্ষে চাল ও টাকা বিতরণ করা হয়। টঙ্গিবাড়ীর ইউএনও মো. শহিদুল হক পাটোয়ারী বলেন, ‘টঙ্গিবাড়ীতে টর্নেডো হয়েছে বলে শুনেছি। কিছু গাছপালা ভেঙে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে লোক পাঠানো হয়েছে।’