মৃদু তাপপ্রবাহ আরও কয়েক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে
ফাইল ছবি

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব কথা জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী, রাঙামাটি, পাবনা, বগুড়া জেলা; সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন চলতে থাকবে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া বছরের এই সময়টায় হঠাৎ কালবৈশাখীর সঙ্গে কোথাও কোথাও স্বস্তি হয়ে আসতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আরও ৪ থেকে ৫ দিন এই গরম আবহাওয়া অব্যাহত থাকবে। এখন কালবৈশাখীর সময়। তাই আগামী কিছুদিনের মধ্যে দেশের কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি দেখা যেতে পারে। এতে তাপমাত্রা কমে আসতে পারে। তার আগে তাপ কমার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি দ্রুত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, লঘুচাপটি কাল শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

বিশ্বের আবহাওয়াবিষয়ক সংস্থা ডব্লিউএমওর হিসেবে, মার্চ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া খুবই ব্যতিক্রমী ঘটনা।

লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অশনি’। শ্রীলঙ্কার আবহাওয়াবিদেরা এই নাম দিয়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস।