মেঘ আসছে, বিকেলের পর ঝড়বৃষ্টি হতে পারে
পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল দিয়ে মেঘমালা দেশে ঢুকছে। আজ শনিবার বিকেলের পর ঢাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঢাকায় গতকাল শুক্রবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে কালবৈশাখী হয়েছে। গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার। আজও বিকেলের দিকে ঢাকায় কালবৈশাখী হতে পারে।
গতকাল দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ থেকে ১২টি জেলায় কালবৈশাখী হয়েছে বলে জানান ওমর ফারুক। সর্বোচ্চ ঝড় হয়েছে নওগাঁয়, ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে।
আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানিয়েছে আবহাওয়া অফিস।