মেঘ-বৃষ্টি-কুয়াশা কেটে শীত আসতে আরও তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে যে বৃষ্টি শুরু হয়েছিল গতকাল শনিবার তা উত্তরের কয়েকটি জেলায় ছড়িয়েছে। এই কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা বাড়তে বাড়তে ফাল্গুনের পর্যায়ে পৌঁছেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে।
গতকাল বৃষ্টি হয়েছে উত্তরের জেলা দিনাজপুর ও রংপুরেও। এ ছাড়া দেশের কয়েকটি অঞ্চলের আকাশ ছিল মেঘে ঢাকা। কোথাও ছিল ঘন কুয়াশা। এই মেঘ-বৃষ্টি-কুয়াশা কেটে পরিষ্কার আকাশ আর রৌদ্রকরোজ্জ্বল শীতের সকালের জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত দুই দিন। তারপর আস্তে আস্তে স্বাভাবিক শীত পড়তে পারে। এই পূর্বাভাস আবহাওয়া অফিসের কয়েকজন আবহাওয়াবিদের।
অবশ্য স্বাভাবিক শীত বলতে পৌষ-মাঘের হাড় কাঁপানো শীতের দেখা এবার একেবারেই না-ও মিলতে পারে। হঠাৎ কয়েক দিনের শৈত্যপ্রবাহের মধ্য দিয়েই বিদায় নিতে পারে এবারের শীত। বিশ্ব আবহাওয়া দিবসের পূর্বাভাস অনুযায়ী এ বছর (২০১৪ সাল) পৃথিবীর উষ্ণতম বছর হতে পারে। না হলেও অন্যতম উষ্ণতম বছর যে হবে, তা প্রায় নিশ্চিত। তাই শীতও স্বল্পস্থায়ী হওয়ার কথা।
আবহাওয়াবিদেরা বলেন, বঙ্গোপসাগরে তামিলনাড়ুর কাছে ও দক্ষিণ আন্দামানে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবেই এই কয়েক দিনের মেঘ-বৃষ্টি ও আবহাওয়ার উষ্ণতা। গতকাল থেকে লঘুচাপটি দুর্বল হতে শুরু করেছে। তবে এর প্রভাব আরও দুই দিন থাকবে। তাই গতকাল যেমন বৃষ্টি হয়েছে, তেমনি আজও হতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সারা দেশে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৯ দশমিক ৯ ও ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে ছিল যথাক্রমে ৩০ দশমিক পাঁচ ও ২০ দশমিক ৪ ডিগ্রি। রাজশাহীতে ২৪ ও ২০ দশমিক ৮। রংপুরে ১৭ দশমিক ৭ ও ১৭ দশমিক ৫ ডিগ্রি যা খুবই অস্বাভাবিক। সাধারণত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এত কম হতে দেখা যায় না।
খুলনায় গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১ ও ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে ছিল ৩১ ও ১৯ দশমিক ৪। সিলেটে ৩০ দশমিক ৩ ও ১৯ দশমিক ৯ ডিগ্রি। এই পর্যায়ে তাপমাত্রা এর চেয়ে আর বৃদ্ধির সম্ভাবনা নেই।