মেঘ সরবে, রাতে শীত বাড়বে
পঞ্চগড় ছাড়া দেশের কোথাও আর শৈত্যপ্রবাহ নেই। দুই ধরে দিনে নরম রোদ আর সন্ধ্যার পর হালকা শীত থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকছে মাঝারি কুয়াশা। আর রাজধানীসহ দেশের বড় শহরগুলো জুড়ে ধুলা-ধোঁয়া-কুয়াশা মিলে দৃষ্টিসীমাজুড়ে থাকছে ধোঁয়াশা। এতে রাজধানীর বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার রাজধানীর বায়ুর মান ছিল খুবই অস্বাস্থ্যকর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের মধ্যাঞ্চলের আকাশজুড়ে গতকাল ছাড়া ছাড়া মেঘ ছিল। আজ শনিবারের মধ্যে তা সরে যেতে পারে। ফলে রোদ বেড়ে গিয়ে দু-এক দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। ফলে দিনে নরম রোদ আর রাতে শীতের হিম হিম আমেজ বাড়তে পারে। সামনের দিনগুলোতে দেশের উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে আবারও বাড়বে। তবে রাজধানীর তাপমাত্রা ও শীত প্রায় একই রকমের থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, রোদ বাড়লে রাত ও ভোরে শীত বাড়তে থাকে। কারণ, আকাশ পরিষ্কার হলে ঠান্ডা বাতাস আসার সুযোগ বেশি পায়।