মেঘনার ভাঙনে বিপর্যস্ত নরসিংদীর চরাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর করিমপুরের শুঁটকিকান্দায় মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে বসতভিটা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
নরসিংদীর করিমপুরের শুঁটকিকান্দায় মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে বসতভিটা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি হারিয়ে মানুষজন আশ্রয়হীন হয়ে পড়েছে। কেউ কেউ খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এ বছর সারা দেশে ব্যাপক বন্যা হওয়ায় নদীর পানি বেড়েছে। নদীতে পানির প্রবাহ বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ভাঙছে চরাঞ্চল। এরই মধ্যে মেঘনার ভাঙনের শিকার হয়েছে নরসিংদীর করিমপুরের শুঁটকিকান্দা, রায়পুরার চরমধুয়া, চাঁনপুরের কালিকাপুর, শ্রীনগরের ফকিরের চর, পলাশতলীর চর মল্লিকপুর ও মির্জাচরের আনন্দবাজার গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো শুঁটকিকান্দা ও চরমধুয়া।

শুঁটকিকান্দায় গিয়ে দেখা গেছে, প্রায় ৩০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়ে পরিবারগুলো চিড়া-মুড়ি খেয়ে কোনো রকমে নৌকায় ও খোলা আকাশের নিচে থাকছে। যাদের ঘর এখনো টিকে আছে, তারা তা খুলে খুলে নৌকায় তুলছে। বড় বড় ট্রলার ঘাটে বাঁধা।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুঁটকিকান্দায় কোরবানির ঈদের আগের দিন থেকেই তীব্র ভাঙন শুরু হয়। শুধু সেদিনই নদীতে তলিয়ে যায় ১৫০ বাড়িঘর। ইয়াসমিন বেগম (৮০) নামের এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিনডা ঘর আছিন আমার, সব চোখের সামনে আতকা ডাইব্যা গেছেগা।’ মোস্তাক মিয়া (৭০) নামের একজন বলেন, এক ঘণ্টার মধ্যে তাঁর ২০-২২ শতাংশ জায়গা আর নয়টা গরুসহ গোয়ালঘর নদীগর্ভে তলিয়ে গেছে।

করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারিছ মিয়া বলেন, ‘আমাদের প্রয়োজন স্থায়ী বাঁধ। বাঁধ নির্মাণ করতে পারলেই শুঁটকিকান্দাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার, সব ব্যবস্থাই করা হবে।’

এদিকে রায়পুরার চরমধুয়ায় গিয়ে দেখা গেছে, মেঘনার ভাঙনে একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে চরমধুয়া ইউনিয়নের বীর চরমধুয়া, দড়িহাটি, শিকদার বাড়ি, নয়াহাটি ও গাজীপুরা এলাকার বাড়িঘর, ফসলি জমি, কবরস্থানসহ একটি বিশাল অংশ। ভাঙনের শিকার কয়েক শ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। হুমকির মধ্যে আছে আরও কয়েক শ বাড়িঘরসহ সরকারি বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা।

চরমধুয়ার গ্রামের কাজী হাসনাইন বলেন, ঈদের দুদিন আগে গ্রামের ঈদগাহটি ডুবে গেছে। কবরস্থানও ডুবে গেছে। এর মধ্যে ১০১ নম্বর চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, কমপক্ষে তিন কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ যদি নির্মাণ করা যায়, তবে চরমধুয়াকে রক্ষা করা সম্ভব। এখনই যদি ব্যবস্থা নেওয়া না যায়, তবে নরসিংদীর মানচিত্র থেকে চরমধুয়া হারিয়ে যাবে।

নরসিংদীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শুঁটকিকান্দাতে তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে আগামী শুষ্ক মৌসুমে ১৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার জায়গায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। সার্বিকভাবে নদীভাঙন প্রতিরোধে আমরা একটি কৌশল নির্ধারণ করেছি। কারিগরি দল কাজ করছে।’