
অস্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ভাঙন তীব্র হয়েছে। ইতিমধ্যে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রায় ৩০০ মিটার অংশের দক্ষিণ পাশ নদীতে বিলীন হয়ে গেছে। আর সড়কটির ৮০০ মিটার অংশ বিলীন হওয়ার হুমকিতে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙন বেড়ে যাওয়ায় পাঁচটি ইউনিয়ন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই সড়ক দিয়ে যাত্রীবাহী কিছু লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করলেও এক সপ্তাহ ধরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
ঘূর্ণিঝড়-প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রামগতি উপজেলা টিমলিডার মাইন উদ্দিন বলেন, সড়কটি রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চেষ্টা চালিয়ে গেলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। সড়কটি ভেঙে গেলে নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের সঙ্গে এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং পণ্য সরবরাহ ব্যাহত হবে। এতে করে এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়বে।
উপজেলা সদরের আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি শামছুল বাহার খন্দকার বলেন, সড়কটি ভাঙনের কবলে পড়ায় বাজারের ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে উপজেলার কয়েকটি ইউনিয়ন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়বেন। এক সপ্তাহ ধরে ওই সড়কে ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
পাউবো সূত্রে জানা গেছে, ভাঙনকবলিত সড়কটি রক্ষা করার জন্য গত মাসে ৫০ লাখ টাকার জরুরি প্রকল্প গ্রহণ করে পাউবো নদীতে বালুভর্তি জিও ব্যাগ ফেলেছে। আরও ৩০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করা হয়েছে।
প্রকল্প তদারকির কাজে নিয়োজিত পাউবোর লক্ষ্মীপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর জানান, ৩৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রায় ৮০০ মিটার অংশ চরম ঝুঁকির মধ্যে পড়েছে।
সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কারিগরি দল গত শুক্রবার সড়কের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। সওজের লক্ষ্মীপুর কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল জানান, কারিগরি দলটি ক্ষতিগ্রস্ত সড়কটি রক্ষা করার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা যাচাই করে দেখেছে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে তাঁরা প্রধান প্রকৌশলীকে একটি প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।