মেঘের কোলে রোদ হেসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

বৃষ্টির দুর্ভোগ পোহানোর পর ঢাকাবাসীর জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। সিলেট ও আশপাশের অঞ্চলে অবস্থান লঘুচাপের। ফলে ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গায় মেঘের কোলে হেসেছে রোদ।

তবে আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের দুপুরের পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে। সেখানে ২৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকায় ৮৬, কুমিল্লায় ১৩২, সিলেটে ১১০, চট্টগ্রামে ৭৩, ময়মনসিংহে ৯১, রাজশাহীতে ৩২, রংপুরে ১৩, খুলনায় ২৩ ও বরিশালে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার থেকে ৩ নম্বর সতর্কসংকেত নামাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।