মেঘ-কুয়াশায় ঢেকে আছে আকাশ, শীতের আমেজ নেই

বাংলা বর্ষপঞ্জিতে পৌষ মাস এসে গেছে। কিন্তু এখনো পৌষের শীত তো নয়ই, কার্তিক-অগ্রহায়ণের শীতের আমেজও বলতে গেলে নেই। শীতের নির্মল আকাশের দেখা নেই। আকাশ ঢেকে আছে মেঘে। আর দিগন্তবিস্তৃত কুয়াশা। দিনের পর দিন চলছে এই অবস্থা।
এ অবস্থা শুধু বাংলাদেশে নয়, আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারের পর্দায় গতকাল সোমবার সকালে দেখা গেছে, বাংলাদেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিমে সমগ্র ভারত হয়ে পাকিস্তান পর্যন্ত আকাশ মেঘে ঢাকা। আর সমগ্র চরাচর কুয়াশায় আচ্ছন্ন।
এই মেঘ ও কুয়াশার কারণে বাংলাদেশের অনেক স্থানে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। এসব এলাকায় শীতের অনুভূতি কিছুটা আছে। থাকছে ঘন কুয়াশা। কিন্তু তাপমাত্রা অগ্রহায়ণ-পৌষের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ্ আলম প্রথম আলোকে বলেন, এ বছর তাপমাত্রা খুব একটা কমবে না। ২০-২১ ডিসেম্বরের দিকে তাপমাত্রা বর্তমানের পর্যায় থেকে কিছুটা কমতে কমতে পৌষের স্বাভাবিক পর্যায়ে আসবে। কিন্তু মধ্যম মাত্রার শৈত্যপ্রবাহ জানুয়ারির আগে আশা করা যায় না। অবশ্য জানুয়ারিতে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ বছর শীত এর চেয়ে বেশি না-ও হতে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সমর্থনপুষ্ট জাতিসংঘের ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)’ ২০১৫ সাল পৃথিবীর উষ্ণতম বছর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। পৃথিবীর বিভিন্ন স্থানে ডব্লিউএমওর নির্ধারিত ১২টি জিপিসিতে (গ্লোবাল প্রোডাকশন সেন্টার) সংগৃহীত তথ্যের ভিত্তিতে ওই পূর্বাভাস দেওয়া হয়। তা ফলে যাওয়ার লক্ষণ পৃথিবীর সর্বত্র দেখা যাচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন।
দেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তরের সহকারী পরিচালক সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সারা দেশে তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি বেশি। ঢাকা ও রাজশাহী বিভাগে বেশি আছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৬ ডিগ্রি। অথচ এ সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ১২ থেকে ১৩ ডিগ্রি।
সাদেকুল ইসলাম আরও বলেন, নভেম্বর-ডিসেম্বরে এ রকম আবহাওয়া পরিস্থিতি যে এবারই প্রথম হয়েছে, তা নয়। কাজেই এই পরিস্থিতিকে আবহাওয়ার নতুন প্রবণতা বলা যায় না। এখন দুইভাবে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে—এক. আরও তিন-চার দিন এ রকম মেঘ-কুয়াশা অব্যাহত থাকার পরে বৃষ্টি হয়ে মেঘ-কুয়াশা কেটে গিয়ে শীত নামতে পারে। দুই. যেকোনো দিন মেঘ-কুয়াশা কেটে গিয়ে তাপমাত্রা কমার প্রবণতা শুরু হতে পারে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও আবহাওয়াবিদদের অভিমত। তাঁরা বলেন, গত নভেম্বর থেকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় রবিশস্যের আবাদ বিঘ্নিত হতে পারে। নানা ধরনের মৌসুমি রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার হারও বাড়তে পারে।
জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ ছাড়া ভাইরাসজনিত জ্বরে ভুগছে মানুষ। যাদের শ্বাসকষ্ট আছে, তারা হঠাৎ গরম-ঠান্ডার কারণে ভুগছে। এ ধরনের রোগীদের ধুলাবালু এড়িয়ে চলতে হবে। হাত ধুতে হবে বারবার, আর হাঁচি-কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে এদের কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো।