মেধাকচ্ছপিয়ায় রোমাঞ্চের টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রি অ্যাডভেঞ্চার—বড় গাছের সঙ্গে যুক্ত কাঠের সেতু দিয়ে হেঁটে ঘুরে দেখা যাবে উদ্যান। গতকাল কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে উদ্বোধন হওয়া ইকো অ্যাডভেঞ্চারের অংশ এটি l প্রথম আলো
ট্রি অ্যাডভেঞ্চার—বড় গাছের সঙ্গে যুক্ত কাঠের সেতু দিয়ে হেঁটে ঘুরে দেখা যাবে উদ্যান। গতকাল কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে উদ্বোধন হওয়া ইকো অ্যাডভেঞ্চারের অংশ এটি l প্রথম আলো

নির্জন বনের ভেতর দিয়ে যেতে যেতে চোখে পড়বে বন্য হাতির পাল, মেছো বাঘ, বন্য শূকর, বানর, বনবিড়াল, খাটাশসহ নানা প্রজাতির বন্য প্রাণী। তবে তাতে দর্শনার্থীর বিপদের আশঙ্কা নেই বললেই চলে। বিরক্ত হবে না বন্য প্রাণীরাও। বনের সারি সারি গাছের গায়ে বেঁধে দেওয়া রোপওয়ে বা দড়ির সেতুর ওপর দিয়ে তৈরি হয়েছে চলাচলের রাস্তা। দর্শনার্থীদের জন্য এমন ব্যবস্থার নাম ইকো অ্যাডভেঞ্চার। কক্সবাজারের চকরিয়ার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে চালু হয়েছে এই ব্যবস্থা। কেবল কক্সবাজারে নয়, সারা দেশে এই প্রথম কোনো বনে চালু হলো ইকো অ্যাডভেঞ্চার বিনোদন।

গতকাল বুধবার বিকেলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এই ইকো অ্যাডভেঞ্চারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বন সংরক্ষক জগলুল হোসেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, ক্রেলের যোগাযোগ কর্মকর্তা ওবায়দুল ফাতাহ তানভীর, ক্রেল কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়কারী আলম খান, মেধাকচ্ছপিয়ার সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন।

প্রকৃতিপ্রেমীদের নীরবে ও নিরাপদে জীববৈচিত্র্য দেখার সুযোগ করে দিতেই বন বিভাগের এমন উদ্যোগ। ৩৯৬ হেক্টর বনভূমিতে গড়ে ওঠা মেধাকচ্ছপিয়া উদ্যানে এমন অবকাঠামো গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা ইউএসএআইডির নেকম ও ক্রেল প্রকল্পের অর্থায়নে। উদ্যানে যেতে হলে চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকায় বাস থেকে নামতে হবে। প্রবেশের জন্য গুনতে হবে জনপ্রতি ৫০ টাকা। তবে বনের ভেতরে নেই কোনো থাকার ব্যবস্থা। তাই দিনে এসে দিনেই ফিরে যেতে হবে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হক মাহবুব মোরশেদ বলেন, দর্শনার্থীদের জন্য রয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশিক্ষিত ইকো-গাইড। তবে প্রকৃতি-পরিবেশের ক্ষতি না করে নীরবে অবলোকন করতে হবে। ভ্রমণপিপাসুদের জন্য রয়েছে ট্রি অ্যাডভেঞ্চার। শতবর্ষী এক মা গর্জনগাছ থেকে অন্য মা গর্জনগাছে রোপওয়ের মাধ্যমে পার হওয়ার রোমাঞ্চকর অনুভূতি। বাংলাদেশের এই প্রথম ইকো অ্যাডভেঞ্চারে ট্রি অ্যাডভেঞ্চারের মাধ্যমে সবুজ বন, জীববৈচিত্র্য দেখার সুযোগ পাবেন প্রকৃতিপ্রেমী পর্যটকেরা।

ক্রেলের চকরিয়া উপজেলার সমন্বয়কারী আবদুল কাইয়ুম বলেন, পরিবেশবান্ধব ট্যুরিজমের মাধ্যমে ট্রি রোপওয়ে অ্যাডভেঞ্চার, ট্রেইল হাইকিংয়ের মাধ্যমে বন্য প্রাণী ও অন্যান্য জীববৈচিত্র্য দর্শন, মৎস্যশিকার, ক্যাম্পিং, হেমক-এর মাধ্যমে গাছে ঝুলে থেকে প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার অনন্য সুযোগ পাওয়া যাবে।