মেয়রকে নিয়ে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্ন নগর গড়তে ছয় মাসের সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগর পুলিশের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। ঝাড়ু, কোদাল, বেলচা নিয়ে পুলিশের প্রায় এক হাজার সদস্য পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
গতকাল শনিবার সকালে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম ফটক থেকে এই অভিযান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিম মণ্ডল। পুলিশ সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে টাইগারপাস, কাজীর দেউরি, সিরাজদ্দৌল্লা রোড, চটেশ্বরী মোড়, আলমাস সিনেমা হল মোড়, জিইসি মোড় এলাকায় সড়ক ও নালার আবর্জনা পরিষ্কার করেন।
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির বলেন, পুলিশের কাজ আইন-শৃঙ্খলার উন্নতি করা। দেশের নাগরিক হিসেবে তাঁরা এগিয়ে এসেছেন। এই শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞাপন ও প্রচারপত্র বিলি করে নগরের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা কর্মসূচি নেওয়ার কথা জানিয়ে আ জ ম নাছির বলেন, পরিচ্ছন্নতা নিয়ে সিটি করপোরেশনের আইন আছে। আগে এর প্রয়োগ হতো না। এবার তা প্রয়োগ করা হবে। অপরিচ্ছন্নতার জন্য নগরবাসীরও দায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ডাস্টবিন মনে করে নালা-নর্দমায় আবর্জনা ও পলিথিন ফেলা হয়। এতে নালা-নর্দমা ভরাট হয়ে পানি ধারণক্ষমতা কমে যায়। জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ না হলেও এটি অন্যতম কারণ।
অভিযান শুরুর আগে নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘আ জ ম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কিছুদিন পর দায়িত্ব নেবেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা এক হাজার পুলিশ সদস্য নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি।’ পুলিশ কমিশনার জানান, ৩১ মের মধ্যে সবাইকে বাসা ও দোকানের সামনের আবর্জনা পরিষ্কার করতে হবে।
বিলবোর্ডের অনুমোদন আর নয়: চট্টগ্রাম নগরে আর কোনো বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে না জানিয়ে মেয়র আ জ ম নাছির বলেন, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন করে কোনো বিলবোর্ডের অনুমতি না দিতে বলা হয়েছে। তিনি বলেন, অনেকে বিলবোর্ডের আকার পরিবর্তন করে বড় মাপের বিলবোর্ড স্থাপন করেছেন। অবৈধ বিলবোর্ডের পাশাপাশি সেগুলোও অপসারণ করা হবে। পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, অবৈধ বিলবোর্ডগুলো আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। না হলে ১ জুন থেকে আবার উচ্ছেদ অভিযান শুরু করা হবে।