
শান্ত স্বভাবের পাখি। ডাকাডাকিও করে না তেমন। চালচলনে আছে অলসতা। পারতপক্ষে ওড়ে না। ছোট ছোট লাফে এদিক-ওদিক যায়, ঝোপঝাড়-আখখেত-ভুট্টাখেত-নলখাগড়ার বন ও কলাবাগান প্রিয় চারণক্ষেত্র। প্রয়োজনে মাটিতে নামে, ছোট ছোট লাফও দেয়। গেরিলা কায়দায় এগিয়ে শিকার চেপে ধরে ঠোঁটের ফাঁকে। বিপদের গন্ধ পেলে লুকিয়ে পড়ে প্রায় নিঃশব্দে—ঘাসবন বা ঝোপঝাড়ের পাতার ভেতরে। পারিপার্শ্বিকতার সঙ্গে মিলেমিশে চুপচাপ থাকে। দেখতে পাওয়া তাই কষ্টসাধ্য কাজ।
লাজুক স্বভাবের এই পাখি যেমন নিরীহ তেমনি ভিতু। নিজের চেয়ে ছোট পাখিদেরও সমীহ করে চলে। সুস্বাদু বা পর্যাপ্ত খাবার মিললে খুশিতে সামান্য ডাকাডাকি করে। কোনো কাজেই পাখিটার কোনো তাড়াহুড়ো নেই।
এটি আমাদের দেশে শীতের এক দুর্লভ পরিযায়ী পাখি। নাম মোটা ঠোঁট টিকরা। ইংরেজি নাম Thick-billed warbler। বৈজ্ঞানিক নাম Acrocephalus aedon। মাপ ১৯ সেন্টিমিটার। শীতে দেখা মেলে ঢাকা বিভাগসহ বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট এলাকায়। ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রাম-সংলগ্ন ভারতের ত্রিপুরা সীমান্ত (পাহাড়ি এলাকা) ও নরসিংদীতেও দেখা মিলবে। ঢাকার পার্ক-উদ্যানেও ক্বচিৎ দেখা যেতে পারে।
অনেকটাই ছিপছিপে গড়ন-ধরনের পাখিটার মাথার তালু-চিবুক-ঘাড়-পিঠ ও লেজের উপরিভাগটা জলপাই-বাদামি রঙের, বুক ও পেটের দুপাশ বাফ রঙা, গলা সাদাটে-বাফ রঙা। ঠোঁটের গোড়া থেকে চোখ পর্যন্ত ঘোলাটে একটি ছোট টান আছে। ডানা বোজানো অবস্থায় পিঠের উপরিভাগে কালচে ছোপ যেমন আছে, তেমনি প্রান্তদেশে আছে সাদা সাদা টান। ওখানটাতে হালকা হলুদাভ আভা থাকে। গোল ধরনের মাথাওয়ালা এই পাখির ওপরের ঠোঁটটা ঘোলাটে-বাদামি, নিচের ঠোঁটটা হালকা হলুদাভ। মূল খাদ্য বিভিন্ন পোকাপতঙ্গ ও লার্ভা। উইপোকা এবং এর ডিম খুবই প্রিয় খাদ্য এদের। ভোরে পাতায় জমে থাকা শিশির পান করে। ভোরে অন্য পাখিদের মতো গান গায় বা গলা সাধে। পলাতক পোকাপতঙ্গ পাকড়াও করার সময় মাঝেমধ্যে এরা সার্কাসের মতো কসরত দেখায়। কণ্ঠস্বর মিষ্টি-ধাতব।