মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়ছে
দেশের আবহাওয়ায় সন্ধিক্ষণ চলছে। একদিকে পূর্বাঞ্চল থেকে পূবালী বাতাসে ভর করে ক্রমে পশ্চিমে বিস্তার লাভ করছে জলীয় বাষ্পসমৃদ্ধ মৌসুমি বায়ু। অন্যদিকে মৌসুমি বায়ুর প্রভাবে ধীরে ধীরে সরে যাচ্ছে এত দিন প্রভাব বিস্তার করে থাকা পশ্চিমা লঘুচাপ।
পশ্চিমা লঘুচাপকে সরিয়ে দিয়ে মৌসুমি বায়ুই বাংলাদেশে বর্ষা নিয়ে আসে। এবারও আসছে। এই আসা-যাওয়ার প্রক্রিয়ায় একটা সংঘাতও চলে। এখন সেটাই চলছে, বিশেষ করে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে। কারণ, মৌসুমি বায়ু এখন মধ্যাঞ্চল পর্যন্ত ছড়িয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, গতকাল সোমবার বিকেল থেকে ঢাকায় যে বৃষ্টি হয়েছে, তা ওই মৌসুমি বায়ুর প্রভাবেই। আর বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের কারণ পূবালী বাতাসের সঙ্গে পশ্চিমা লঘুচাপের সংঘাত। এই সংঘাতে এখন প্রতিদিনই নতুন নতুন অঞ্চলে মৌসুমি বায়ুর বিস্তার হবে। দেশজুড়ে নেমে আসবে বর্ষাকাল।
তবে সারা দেশে বর্ষাকাল বিস্তৃত হতে আরও কিছু সময় লাগবে। কারণ, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এখনো ভারতের বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমি বায়ু গতকাল পর্যন্ত বিস্তৃত হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে।