ময়লা পানিমুক্ত হলো ইন্দিরা রোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়োনিষ্কাশন লাইন বন্ধ হয়ে ইন্দিরা রোডে বেরিয়ে এসেছিল ময়লা পানি। ওয়াসা ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ গত রোববার তা অপসারণ করে। এলাকার গতকালের চিত্র।ছবি প্রথম আলো
পয়োনিষ্কাশন লাইন বন্ধ হয়ে ইন্দিরা রোডে বেরিয়ে এসেছিল ময়লা পানি। ওয়াসা ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ গত রোববার তা অপসারণ করে। এলাকার গতকালের চিত্র।ছবি প্রথম আলো

ফার্মগেটের ইন্দিরা রোডে আর ময়লা পানি নেই। ওয়াসা কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এসব অপসারণ করেছে। তবে এই সুয়ারেজ লাইনটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গত রোববার ‘ইন্দিরা রোড ময়লা পানিতে সয়লাব’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ইন্দিরা রোডের বিকল্প মডেল কলেজের সামনে থেকে ১০২/১ পর্যন্ত সড়কে সুয়ারেজ লাইনের সেই ময়লা পানি নেই। শুকনো সড়কে চলাচল করছেন কয়েকজন পথচারী। ময়লা পানির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজধানী উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় ফটকটিও (দক্ষিণ) খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এই ফটক দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিকল্প মডেল কলেজের পূর্ব পাশে সুয়ারেজ লাইন সংস্কারে কাজ করছেন ওয়াসার কয়েকজন শ্রমিক।

ময়লা পানি অপসারণের আগে জলমগ্ন হয়ে পড়েছিল ইন্দিরা রোড।ছবিটি গত শনিবারের l প্রথম আলো
ময়লা পানি অপসারণের আগে জলমগ্ন হয়ে পড়েছিল ইন্দিরা রোড।ছবিটি গত শনিবারের l প্রথম আলো

ইন্দিরা রোডের হাবিব জেনারেল স্টোরের মালিক কামরুজ্জামান বলেন, সুয়ারেজ লাইন ভেঙে যাওয়ায় প্রায় এক মাস ধরে এই সড়কে ময়লা পানি জমে ছিল। কিন্তু এত দিন সুয়ারেজ লাইন সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছিল না ওয়াসা কর্তৃপক্ষ।
কামরুজ্জামান বলেন, প্রায় ৪০ বছর আগে ইন্দিরা রোডে এই সুয়ারেজ লাইন বসানো হয়েছিল। এরপর আর তা সংস্কার করা হয়নি। অনেক জায়গাই লাইন ভেঙে গেছে। ফলে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয়। অবিলম্বে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা দরকার।
ইন্দিরা রোডের স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিদিন এই ময়লা পানি মাড়িয়ে চলাচল করতেন তাঁরা। এতে এলাকার অনেকেরই চর্মরোগ দেখা দিয়েছে। আর ময়লা পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সড়কের আশপাশের বাড়ির বাসিন্দারা। এ ছাড়া ১০ টাকা রিকশা ভাড়া দিয়ে এই পথটুকু পাড়ি দিতে হতো।
ডিএনসিসির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে এই প্রতিবেদন প্রকাশের পর গত রোববার ইন্দিরা রোডের ময়লা পানি অপসারণে কাজ শুরু করেছে ওয়াসা কর্তৃপক্ষ ও ডিএনসিসি। এ ছাড়া গতকাল সোমবার সকালে এই এলাকা পরিদর্শন করেছেন ডিএনসিসির মেয়র আনিসুল হক। পরে ইন্দিরা রোডসহ ডিএনসিসির বিভিন্ন সমস্যা নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন মেয়র।’