ময়ালের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে দাঁড়ানো চারটি ময়াল। গত ৫ মার্চ রাজশাহীর পদ্মা নদীর চর খানপুরের কাছ থেকে তোলা l ছবি লেখক
পানিতে দাঁড়ানো চারটি ময়াল। গত ৫ মার্চ রাজশাহীর পদ্মা নদীর চর খানপুরের কাছ থেকে তোলা l ছবি লেখক

নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের ক্যাপ্টেন কাওসার মোস্তফাকে সঙ্গে নিয়ে ৩ মার্চ রাতে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়লাম। ভোরে রাজশাহী পৌঁছে মারুফ ও শোভনকে নিয়ে পদ্মায় গেলাম।
নুরুল মাঝির নৌকায় চারজনে সারাটা দিন পদ্মা নদী ও আশপাশের চরে ওদের দেখা পেলাম না। হোটেলে ফেরত এলাম। পরদিন আমি ও কাওসার পদ্মার অন্য একটি চরে গেলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নুরুলের ফোন পেলাম। এক মুহূর্ত দেরি না করে পুলিশ লাইনের কাছে বটতলার ঘাটে চলে গেলাম। নুরুলও স্পট থেকে নৌকা নিয়ে ঘাটে এল। বেশ টেনশন অনুভব করছি। দ্রুত নৌকায় চড়ে চর খানপুর ও চর মাজারদিয়ারের মাঝামাঝি আসতেই খুশিতে মনটা নেচে উঠল। ওই তো দেখা যাচ্ছে। একটি–দুটি নয়, চার-চারটি পাখি। পাখিগুলোর সঙ্গে অনেকটা সময় কাটালাম এবং চমৎকার কিছু ছবি তুললাম। এরপর নবগঙ্গার দিকে নৌকা ঘোরালাম। নবগঙ্গা থেকে ফেরার পথে ঘাটের কাছে এসে আরও সাতটি একই পাখির দেখা পেলাম।
সুদর্শন যে পাখিগুলোর কথা বললাম, ওরা দুর্লভ পরিযায়ী রাজহাঁস ময়াল (Bar-headed Goose)। রাজহাঁস, রাজহংস, কড়হাঁস, কাদম্ব বা ডোরামাথা রাজহাঁস নামেও পরিচিত। Anatidae গোত্রের এই পাখির বৈজ্ঞানিক নাম Anas indicus।
ময়াল লম্বায় ৭১ থেকে ৭৬ সেন্টিমিটার এবং ওজনে ১ দশমিক ৮ থেকে ৩ দশমিক ২ কেজি। প্রাপ্তবয়স্ক পাখির পুরো দেহ হালকা ধূসর। মাথা সাদা ও মাথার পেছনে দুটি স্পষ্ট কালো ডোরা। গলা সাদা-কালো। দেহতল ও লেজের তলা সাদা। পা ও ঠোঁট কমলা। ঠোঁটের আগা কালো। রাজহংস ও রাজহংসী দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির মাথায় কালো ডোরা নেই এবং গলার রংও ফ্যাকাশে।
এরা খুব উঁচু দিয়ে উড়তে পারে। হিমালয়ের ৯ হাজার ৩৭৫ মিটার উঁচু দিয়ে ওড়ার রেকর্ড আছে। শীতে হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ পাড়ি দিয়ে এ দেশে আসে। ‘ভি’ আকারে বা সোজা লাইন করে চমৎকারভাবে ওড়ে। মূলত জনবসতিহীন দ্বীপে এদের দেখা যায়। এ ছাড়া বড় নদীর চর ও জলজ উদ্ভিদপূর্ণ জলাশয়েও বিচরণ করে। দলে সাধারণত ৫ থেকে ১০০টি পাখি থাকে। সচরাচর রাতে খাবার খায়। জলজ আগাছা, সবুজ ঘাস, ধান, শস্য, লতাপাতা ইত্যাদি প্রিয় খাদ্য।
এপ্রিল-জুলাই প্রজননকাল। প্রজননের সময় তিব্বত, চীন বা মঙ্গোলিয়ায় উঁচু জলাশয় ও হ্রদের পাশে লতাপাতাপূর্ণ ভূমিতে দেহের ঝরে পড়া পালক বিছিয়ে বাসা বানায়। রাজহংসী ৩ থেকে ৮টি হাতির দাঁতের মতো সাদা ডিম পাড়ে এবং একাই তা দিয়ে ২৮ থেকে ৩০ দিনে বাচ্চা ফোটায়। বাচ্চারা ৫৫ থেকে ৬০ দিনে উড়তে শেখে, ৩ বছরে বয়ঃপ্রাপ্ত হয়। আয়ুষ্কাল প্রায় ২০ বছর।