যখন ফোটে কুলাঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাঞ্জন ফুল, পটুয়াখালীর এক গ্রাম থেকে
ছবি: লেখক

তাকে কোনো দিনই দেখিনি বনে! দেখেছি গ্রামের পথে-প্রান্তরে, গ্রামীণ নিচু জমির ঝোপের কাছে। আপন মনে অনাদরে বেড়ে ওঠে কুলাঞ্জন। একদিন তার মিষ্টি ঠোঁটগোলাপি রং দেখিয়ে ডাক দিয়ে যায় আমাদের। কাছে নিয়ে আসে মৌমাছি, ভোমরা ও মধুপায়ী মৌটুসি পাখিদের। প্রশস্ত ও লম্বা সবুজ পাতার সঙ্গে গোলাপি রঙের ফুল দেখতে আকর্ষণীয়। লম্বা পুষ্পমঞ্জরিতে অসংখ্য অসম ফুল। রোদের আলোয় নীল আকাশের নিচে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়। আদা গোত্রের এ উদ্ভিদকে কেউ চেনেন জংলি আদা নামে। পাহাড়িরা একে বলে ‘তারা’। আমাদের পাহাড়ে আরও কয়েক প্রজাতির তারা আছে। এরা মূলত কন্দজ গুল্ম।

গ্রামের পাতিশিয়াল, বনবিড়াল, মেছো বাঘ, বাগডাশ কুলাঞ্জন উদ্ভিদের ঝোপে বসবাস করে। প্রশস্ত পাতা এবং ঘনবদ্ধ কাণ্ড নিশাচর এসব বন্য প্রাণীকে দিনের বেলায় আড়াল করে রাখে।

দুঃখজনক হলো, এ উদ্ভিদ গ্রামবাংলা থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। বড় কোনো ঝোপ চোখে পড়ে না। সেসব ঝোপ এখন মেহগনির বাগান! পুরো বাংলাদেশের গ্রামবাংলা থেকে বন্য গাছপালার প্রজাতিগুলো এবং তাদের আবাস রয়েছে সংকটের মধ্যে। এ প্রজাতিগুলোর বসতি টিকিয়ে না রাখলে আমাদের বন্য গাছপালানির্ভর বন্য প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। পক্ষান্তরে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া বাড়বে। বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটলে পুরো খাদ্যজাল ভারসাম্যহীন হয়ে পড়বে। বেড়ে যাবে শস্যখেতে ক্ষতিকর পোকামাকড়। জগৎজুড়ে বাস্তুসংস্থানের এমন সংকট আমরা কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছি।

কুলাঞ্জন (Alpinia nigra) বহুবর্ষজীবী বীরুৎ-জাতীয় গুল্ম। কাণ্ড প্রায় তিন মিটার হয়। পাতা অবৃন্তক, আয়তাকার থেকে বল্লমাকার। পুষ্পবিন্যাস প্যানিকেল। ফুল ফোটে মে থেকে জুন মাসে। গ্রামীণ অনাবাদি প্রান্তর, নিম্নাঞ্চল ও পাহাড়ি ঝরনাতীরবর্তী স্থানে জন্মে। নদী ও খালপাড়ের আর্দ্র জমিতে ভালো বেড়ে ওঠে। বর্তমানে এটি দেশের একটি দুর্লভ উদ্ভিদ। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি ও ভোলা এলাকায় বিক্ষিপ্তভাবে দেখা যায়। সুনামগঞ্জে একবার দেখেছি। বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও রাঙামাটির বনেও আছে।

এটি মূল্যবান ভেষজ উদ্ভিদ। গ্রন্থিকন্দ শ্বাসনালির শ্লেষ্মাজনিত রোগ, বহুমূত্র, বাত ও যকৃতের সমস্যায় উপকারী। রাইজোম টনিক ও বেদনানাশক হিসেবে ব্যবহার করা হয়। চর্মরোগ ও ছত্রাকজনিত রোগ নিরাময়ে উপকারী। ত্রিপুরার ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসীরা সবজি হিসেবে রাইজোমের কচি অংশসহ গাছের অঙ্কুরিত অংশ ব্যবহার করে। আমাদের পাহাড়ের মানুষ মহামূল্যবান এ উদ্ভিদের নানা অংশ ভেষজ চিকিৎসায় ব্যবহার করে। সেদ্ধ করা শিকড় পেটের পীড়ায় ভালো কাজ করে।

ভূগর্ভস্থ রাইজোম ও বীজ থেকে চারা গজায়। ফল বেরি এবং বহুবীজী। ভেষজ গুরুত্ব ছাড়াও কুলাঞ্জন শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে শহর ও গ্রামের ফুলবাগানে, বাড়ির প্রান্তরে রোপণ করা যেতে পারে। শহরের ছাদবাগানেও মাঝারি থেকে বড় টবে লাগানো যাবে।