যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় সড়কের পাশে এভাবেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রেখেছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে ভোগান্তির শিকার হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারী বাসিন্দারা। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় সড়কের পাশে এভাবেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রেখেছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে ভোগান্তির শিকার হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারী বাসিন্দারা। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

টাঙ্গাইল শহরে প্রবেশের সব কটি সড়কের মুখেই ময়লা-আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। এভাবে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় শহরে ঢোকার তিনটি প্রবেশপথই ডাস্টবিনে পরিণত হয়েছে। ফলে দুর্গন্ধে নাকে রুমাল চেপে শহরে প্রবেশ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে তারা ভোগান্তির শিকার হচ্ছে।
তবে পৌর কর্তৃপক্ষের দাবি, আবর্জনা ফেলার নির্ধারিত কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তার ধারে আবর্জনা ফেলছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৮৮৫ সালে টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১৩০ বছরেরও আবর্জনা ফেলার নির্ধারিত স্থান করতে পারেনি কর্তৃপক্ষ। বছর দশেক আগে শহরতলির গালা গ্রামে আবর্জনা ফেলার স্থান (ডাম্পিং স্টেশন) করার পরিকল্পনা নিয়েছিল পৌরসভা। সেখানে জমি অধিগ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু ওই এলাকার মানুষ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ফলে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর (ময়লা-আবর্জনা অপসারণের জন্য নিয়োজিত ব্যক্তি) আনিসুর রহমান জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে প্রতিদিন ৩০/৩৫ টন ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। পরে এই আবর্জনা ময়লাবাহী ট্রাকযোগে যেখানে সুযোগ হয়, সেখানেই ফেলা হয়। কয়েক বছর ধরে শহর বাইপাসের রাবনা মোড়, নগরজলফৈ মোড় ও কাগমারী সেতু এলাকায় আবর্জনা ফেলা হচ্ছে।
শহরের কয়েকজন বাসিন্দা বলেন, তিনটি প্রবেশমুখেই আবর্জনা ফেলায় নাকে রুমাল চেপে মানুষকে শহরের ঢুকতে হচ্ছে। পাশাপাশি শহরের মানুষকে স্থায়ী দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাবনা এলাকায় গিয়ে দেখা যায়, মানুষ রুমালে নাক চেপে ওই এলাকা পার হচ্ছে। এ সময় রাবনা কস্টাপাড়ার বাসিন্দা ফরমান আলী বলেন, আবর্জনার গন্ধে তাঁদের বসবাস করাই কঠিন হয়ে গেছে। একই এলাকার মোজাফ্ফর হোসেন বলেন, আবর্জনার দুর্গন্ধে মধ্যে তাঁদের বসবাস করতে হচ্ছে। নগরজলফৈ ও কাগমারী সেতু এলাকার চিত্রও একই।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ জানান, আবর্জনার এই গন্ধে শ্বাসনালিতে ইনফেকশন হয়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এভাবে আবর্জনা ফেলা জনস্বাস্থ্যের জন্য হুমকি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) টাঙ্গাইল অঞ্চলের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, যত্রতত্র আবর্জনা ফেলে পৌরসভা নিজেই পরিবেশ ও প্রতিবেশের দূষণ ঘটাচ্ছে। তাদের সংগঠনের পক্ষ থেকে পৌরসভাকে আইনি নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক সেকান্দার হায়াৎ বলেন, পৌরসভার আধুনিক আবর্জনা ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন। এভাবে আবর্জনা ফেলায় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ছে।
এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল জানান, পৌরসভার নিজস্ব আবর্জনা ফেলার স্থান না থাকায় বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলতে হচ্ছে। তবে আবর্জনা ফেলার স্থান নির্মাণসহ আধুনিক আবর্জনা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা তাদের রয়েছে।