যমুনার পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের মাঝিপাড়া গ্রাম থেকে আজ রোববার সকালে ছবিটি তোলেন আব্দুল আজিজ
ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের মাঝিপাড়া গ্রাম থেকে আজ রোববার সকালে ছবিটি তোলেন আব্দুল আজিজ

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, বালিজুড়ি ও জোড়খালি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ পৌর শহরের কিছু অংশে বন্যার পানি উঠেছে। এতে ওই সব ইউনিয়নের অর্ধশত গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

পানির কারণে ইসলামপুর-নোয়ারপাড়া রাস্তা, শিংভাঙা-আমতলি পাকা রাস্তা, দেওয়ানপাড়া-ভূতেরপাড়া রাস্তা, বাম বাজার-পশ্চিম বামনা রাস্তা, মেলান্দহ-মাহমুদপুর রাস্তা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপের নিয়ন্ত্রক আব্দুল মান্নান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেভাবে পানি বাড়ছে, দ্রুত সময়ের মধ্যে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।’

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, ‘বন্যাকবলিত উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তাদের ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে দুর্গত মানুষকে সব ধরনের সহায়তার ব্যবস্থা দ্রুত করা হবে।’