যাত্রাবাড়ী-ডেমরা-শ্যামপুর-কদমতলীতে সড়কে পানি
টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর এলাকার বিভিন্ন রাস্তাঘাটে পানি জমেছে। এতে এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, এসব এলাকার বিভিন্ন সড়কে রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না। রাস্তাগুলোতে হাঁটুপানি। তাঁদের পানি ভেঙে যাতায়াত করতে হচ্ছে। অনেক দোকানপাটেও পানি ঢুকে গেছে।
শ্যামপুরের বাসিন্দা শাহিন আহমেদ বলেন, রাস্তায় এত পানি যে কোনো ধরনের যানবাহন চলছে না।
দনিয়া এলাকার বাসিন্দা তানজিলা আক্তার বলেন, টানা বৃষ্টিতে রাস্তায় হাঁটুর কাছাকাছি পানি জমে গেছে। সন্তানদের স্কুলে নিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছে।
টানা বৃষ্টিতে শুধু শ্যামপুর আর যাত্রাবাড়ীই নয়, কদমতলী ও ডেমরার বেশির ভাগ রাস্তায় পানি উঠে গেছে। সীমাহীন ভোগান্তির মধ্যে আছে এলাকার লোকজন।
কদমতলী থানার এসআই দীপঙ্কর মণ্ডল বলেন, কদমতলী থানার সামনেও পানি। রাস্তায় রাস্তায় এত পানি যে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে আছে।
গতকাল মঙ্গলবার দেখা গেছে, কদমতলীর রায়েরবাজার থেকে মোহাম্মাদবাগ, জুরাইন চেয়ারম্যান বাড়ি, গোয়ালবাড়ি মোড় থেকে দোলাইরপাড় রাস্তা, মুরাদপুর মাদ্রাসা রোড, কুদার বাজার, কমিশনার রোড ও মিষ্টির দোকান এলাকার রাস্তায় হাঁটুপানি। আর শ্যামপুরের খালপাড়, জিয়া সরণি, রায়েরবাগ, খালপাড়া, বটতলা, পাটেরবাগ ও মোহাম্মদবাগ এলাকার রাস্তায় হাঁটুপানি দেখা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ীর দনিয়া, পাড় ডগাই, রহমতপুরের রাস্তায়ও জমেছে পানি। আর ডেমরা এলাকার সব রাস্তায় পানি জমে আছে।
স্থানীয় লোকজন বলেন, টানা বৃষ্টি হলেই এসব এলাকার রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) আবদুল আওয়াল মিয়া বলেন, টানা বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গেছে। যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার সব পানি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় স্থাপিত সেচযন্ত্রের মাধ্যমে শীতলক্ষ্যায় ফেলা হয়। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই পরিমাণ পানি সেচ করা সম্ভব হচ্ছে না। তবে সেচযন্ত্র চালু রয়েছে।