পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কটি এমনিতেই সরু। তার ওপর এর কোথাও পিচের অস্তিত্ব নেই। সড়কের পাশের নর্দমাও নাজুক। মিনিট কয়েকের বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা।
কাদা, আবর্জনার দুর্গন্ধে এ সড়কে মানুষের ভোগান্তির শেষ নেই। এর সঙ্গে নিয়মিত যানজটকে আরও তীব্র করে তুলছে নিয়ম ভেঙে দিনের বেলা ট্রাকের চলাচল।
গত মঙ্গলবার মিটফোর্ড সড়কে গিয়ে দেখা গেল, দুর্গন্ধযুক্ত কাদাপানি ঠেলে সামনে এগোনোর উপায় নেই। পথে শত শত রিকশা, বস্তাবন্দী রকমারি পণ্যবোঝাই ঠেলাগাড়ি আর বিশেষ করে পাইকারি মার্কেটগুলোর সামনে রাখা ট্রাক-পিকআপের কারণে সৃষ্ট সার্বক্ষণিক যানজটে ভোগান্তির শেষ নেই।
মিটফোর্ড রোড বলে পরিচিত এ সড়কটির শুরুতে এক পাশে মিটফোর্ড হাসপাতাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত এ সড়কের দুই পাশে এবং আশপাশের কয়েকটি এলাকায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ওষুধের বাজার। এখানকার ৪৪টি মার্কেটের আড়াই হাজার দোকান থেকে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়া ইমামগঞ্জ, মৌলভীবাজার, চকবাজারের মতো নিত্যপণ্যের মোকামগুলোতে যাওয়ার প্রধান সড়ক এটি।
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন, পথচারী ও ব্যবসায়ীদের ভাষ্য, রাস্তাটির দুরবস্থার জন্য সারা বছরই তাঁদের নাকাল হতে হয়।
ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উপসচিব মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তার এই দুরবস্থার জন্য আমরা প্রচুর ক্রেতা হারাচ্ছি। বর্ষার সময় হাঁটুসমান কাদা, আর শুকনার সময় হাঁটুসমান ধুলা। যানজট তো আছেই।’
সেই সঙ্গে সরু এ সড়কে যখন-তখন ট্রাক এবং ভারী কাভার্ড ভ্যান ঢুকে পড়ায় যানজটের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে জানান মনির হোসেন। তাঁর অভিযোগ, সাধারণত দিনের বেলায় এখানে ট্রাকসহ ভারী কাভার্ড ভ্যান প্রবেশ নিষিদ্ধ থাকলেও ট্রাফিক বিভাগের অসহযোগিতার কারণে সেটি রোধ করা সম্ভব হচ্ছে না।
একই অভিযোগ করেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. গোলাম রসুল। তাঁর দাবি, অর্থের বিনিময়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ট্রাকগুলোকে ছেড়ে দেয়। নোংরা-দুর্গন্ধময় পরিবেশ আর তীব্র যানজটের কারণে অনেক পুরোনো ক্রেতা এখন আর এখানে আসতে চান না। গত কয়েক বছরের মধ্যে এখানকার রাস্তা ও নর্দমা ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।
দিনে ট্রাক চলাচলের নিয়ম নেই বলে জানালেন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) কানিজ ফাতেমাও। তবে অর্থের বিনিময়ে ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, ‘আর্থিক লেনদেনের বিনিময়ে ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগটি সঠিক নয়। জায়গাটি ব্যবসাপ্রধান হওয়ায় এখানে দিনের বেলায় অনেক প্রতিষ্ঠানের ট্রাক ঢোকার অনুমতিপত্র থাকে। ফলের মৌসুম হওয়াতে চাপটা একটু বেশি পড়ছে।’
সড়ক ঘুরে দেখা যায়, আশপাশের ভবন এবং নর্দমার তুলনায় সড়কটি অনেক নিচু। কোথাও কোথাও নর্দমার অস্তিত্ব একেবারেই নেই। কোথাও চিকন নালার মতো অংশটুকু দিয়ে কালো, থকথকে পানি উপচে পড়ছে সড়কের ওপর। তীব্র যানজটের মধ্যে অনেক জায়গায় রাস্তার অর্ধেকজুড়ে ট্রাক-কাভার্ড ভ্যান রাখা আছে।
চাল-চিনির ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বর্ষার কাদাপানিতে সড়কটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।
মিটফোর্ড হাসপাতালের উল্টো পাশে একটি মার্কেটে ওষুধ কিনতে এসেছিলেন খোরশেদ আলম। দুই পাসহ সাদা লুঙ্গির পেছনের দিকে পুরোটা জুড়ে ছোপ ছোপ কাদার দাগ। বললেন, ‘বইন আছে হাসপাতালে। দিনে যয়বার রাস্তা পার হয়্যা দোকানে আইতে হয়, ততবার মনে লয় গোসল করি। এত গোন্দ (গন্ধ) আর চডচডা ক্যাদা যে গাও গুলায়।’
মিটফোর্ড রোড এবং এর বেহাল নর্দমা নিয়ে কথা হয় ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এর জন্য যত দ্রুত সম্ভব টাকা ছাড়ের আবেদনও করা হয়েছে। আশা করছি, আগামী মাসের মাঝামাঝি অথবা আগস্টের শুরু থেকেই কাজ শুরু হবে।’