
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় চার দিন ধরে শেরপুর-জামালপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে এ পথ দিয়ে চলাচলকারী মানুষ নৌকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সড়ক বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে শেরপুরগামী পণ্যবাহী ট্রাকের ভাড়াও বেড়ে গেছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ), জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর থেকে জামালপুরের দূরত্ব ১৬ কিলোমিটার। স্বাভাবিক সময়ে মাত্র আধা ঘণ্টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো শেরপুর থেকে জামালপুরে যায়। কিন্তু বর্তমানে পানি এই মহাসড়কের পোড়ার দোকান ও শিমুলতলী এলাকার দুটি ‘কজওয়ের’ (পানি নির্গমনের জন্য ঢালু করে তৈরি সড়ক) ওপর দিয়ে ৬ থেকে ৭ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পাশাপাশি এ স্থানে রয়েছে প্রবল স্রোত। ফলে গত বুধবার থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পোড়ার দোকান এলাকা থেকে লোকজন নৌকায় চড়ে জামালপুরে যাতায়াত করছেন। এতে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা আর গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সেই সঙ্গে উত্তরবঙ্গ ও টাঙ্গাইল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো ১০০ কিলোমিটার ঘুরে ময়মনসিংহ হয়ে শেরপুরে আসছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পোড়ার দোকান ও শিমুলতলী এলাকায় শেরপুর শহর ও আশপাশের এলাকা থেকে নারী-শিশুসহ বিপুলসংখ্যক উৎসুক মানুষ বন্যার পানি দেখতে এসেছেন। অনেকে আবার শখের বশে বন্যার পানিতে নেমে গোসল করছেন ও সাঁতার কাটছেন। পোড়ার দোকান এলাকা থেকে ২০-২৫টি নৌকা যাত্রীদের নিয়ে জামালপুর যাচ্ছে।
এ সময় নৌকার যাত্রী জামালপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শেরপুর সদরের মোবারকপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, স্বাভাবিক সময়ে ৩৫ টাকা ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় জামালপুরে যাওয়া যেত। এখন অটোরিকশা ও নৌকার ভাড়া মিলে জামালপুর যেতে প্রায় ১০০ টাকা লাগছে। তিনিসহ একাধিক যাত্রী ভবিষ্যতে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা ও মানুষের নিরাপত্তার স্বার্থে পোড়ার দোকান ও শিমুলতলী এলাকার কজওয়ের ওপর দুটি সেতু বা কালভার্ট নির্মাণ করার দাবি জানান।
শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী মো. ফকির চাঁন প্রথম আলোকে বলেন, বন্যার আগে উত্তরবঙ্গ থেকে জামালপুর হয়ে শেরপুরে আসা পণ্যবাহী ট্রাকের ভাড়া ছিল ২০ হাজার টাকা। কিন্তু এখন শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ট্রাকগুলো ময়মনসিংহ হয়ে শেরপুরে আসছে। এ জন্য ভাড়া দিতে হচ্ছে ২৬ হাজার টাকা। এতে পণ্যের মূল্যও বেড়ে যাচ্ছে।
শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা প্রথম আলোকে বলেন, কজওয়ে দুটিতে বর্তমানে কালভার্ট নির্মাণের কোনো পরিকল্পনা নেই। তবে বন্যার পর বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।