রঙিন সেনাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপতি প্রজাপতি। ২০১০ সালের ৫ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে ছবিটি তুলেছেন লেখক
সেনাপতি প্রজাপতি। ২০১০ সালের ৫ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে ছবিটি তুলেছেন লেখক

২০১০-এর ডিসেম্বর মাসের ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ কৃষি অনুষদের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষাসফরে বের হয়েছি। ডিসেম্বরের ৫ তারিখ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে গিয়ে হাজির হলাম। মাজার কমপ্লেক্স পরিদর্শনের একপর্যায়ে ক্যাম্পাসের মনোরম পরিবেশে বেশ কিছু রঙিন ডানার প্রজাপতির দেখা পেলাম। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাতার ওপর বসা এক বর্ণিল প্রজাপতি। সে ছিল বেশ স্মার্ট ও চটপটে। ছবি তোলার জন্য বারবার চেষ্টা করছি, কিন্তু মোক্ষম সময়ে সে উড়ে যাচ্ছে। তার আশপাশে অন্য কোনো প্রজাপতিকেও ভিড়তে দিচ্ছে না ও। অনেক কষ্টে শেষমেশ একটি ছবি তুলতে সক্ষম হলাম। অবশ্য এর পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয়বার এ প্রজাপতিটির দেখা পাইনি। কী যে সুন্দর এই প্রজাপতিটি! গায়ে যেন সে পরেছে লালচে বর্ম, সঙ্গে সাদা ও ধূসর রঙের কারুকাজ! আজও তাকে ভুলতে পারিনি। ওর একটি ভালো ছবি তোলার জন্য এখনো ওকে খুঁজে বেড়াচ্ছি।
এতক্ষণ যার কথা বললাম সে অতি সাহসী ও অনিন্দ্যসুন্দর এক প্রজাপতি কমান্ডার (Commander)। হ্যাঁ, এর ইংরেজি নাম কমান্ডার। এস এম মঞ্জুরুল হান্নান খান রচিত বাংলাদেশের প্রাণিপ্রজাতি বইয়ে এর বাংলা নাম হিসেবে সেনাপতি নামটি ব্যবহার করা হয়েছে। সেনাপতি Nymphalidae পরিবারভুক্ত প্রজাপতি, যার বৈজ্ঞানিক নাম Moduza procris বা Limenitis procris.
সেনাপতি মাঝারি আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় ডানার মাপ ৬০-৭০ মিলিমিটার। বর্ণিল এই প্রজাপতির ডানা ও দেহের ওপরের দিকটা লালচে-বাদামি। তার ওপর বড় বড় সাদা ফিতা বা ব্যান্ড। সামনের ও পেছনের ডানার গোড়ার দিকে যথাক্রমে তিনটি ও চারটি করে আড়াআড়ি কালো রেখা। এ ছাড়া সামনের ডানায় দুটি করে সাদা দাগ ও ঢেউ খেলানো হালকা রেখা থাকে। আর পেছনের ডানায় থাকে দুই সারি কালো দাগ। পেছনের ডানার নিচের প্রান্ত ঢেউ খেলানো। এই ডানার উৎপত্তিস্থল হালকা নীল। ডানা ও দেহের নিচের দিকের রং ধূসর-সাদা। পুরুষ ও স্ত্রী প্রজাপতি দেখতে একই রকম।
সেনাপতি মূলত আর্দ্র পাতাঝরা, চিরসবুজ ও আধা-চিরসবুজ বনের বাসিন্দা। তবে গৃহস্থ বাড়ির আশপাশে এবং বাগানেও দেখা মেলে। সারা বছর দেখা গেলেও বর্ষা শেষে ও শীতকালে বেশি ঘুর ঘুর করে। প্রায়ই নদী-নালা-ছড়ার পাড়ে বালু বা নুড়ি পাথরের ওপর রঙিন পাখা মেলে বসে থাকতে দেখা যায়। খাবার গ্রহণ করা বা রোদ পোহানোর সময়ও এভাবেই পাখা মেলে রাখে। পচা আবর্জনা খুবই পছন্দ করে। তবে ফুলের রসেও আপত্তি নেই। পুরুষ প্রজাপতি তার নিজস্ব এলাকায় অন্য কোনো প্রজাপতিকে প্রবেশ করতে দেয় না। আর যদি জোর করে কেউ ঢুকতে চায় তাহলে যুদ্ধ অনিবার্য।
এরা বড় গাছ, যেমন কদম বা অন্য কোনো ফলের গাছ বেশি পছন্দ করে। আর এসব গাছের পাতার আগায় ঠিক নিচের দিকে স্ত্রী প্রজাপতি ডিম পাড়ে, প্রতি পাতায় একটি করে। রোমপূর্ণ সবুজাভ রঙের এই ডিমগুলো দেখলে মনে হবে যেন সবুজ স্ট্রবেরি ফল। তিন-চার দিন পর ডিম ফুটে শূককীট বের হয়। শূককীট ময়লা বাদামি রঙের, তাতে বাদামি আভা ও গাঢ় বাদামি দাগছোপ থাকে। শূককীটগুলো গাছের পাতা খেয়ে বড় হয় ও মূককীটে পরিণত হয়। বাদামি রঙের মূককীটগুলো গাছের শুকনো পাতা বা চিকন ডালে ঝুলে থাকে, যা থেকে পরবর্তী সময়ে পূর্ণবয়স্ক সেনাপতি প্রজাপতি বের হয়ে আসে।
এ দেশের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এ প্রজাপতিটি পাওয়া যায় বলে তথ্য রয়েছে। এ ছাড়া সেনাপতি এশিয়ার অনেক এলাকায়, যেমন: ভারত, নেপাল, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেও পাওয়া যায়।