রাউজানে এক ঘণ্টায় সাড়ে চার লাখ চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানে এক ঘন্টায় সাড়ে চার লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম। ছবিটি গতকাল সর্তারঘাট সেতু এলাকা থেকে তোলা প্রথম আলো
রাউজানে এক ঘন্টায় সাড়ে চার লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম। ছবিটি গতকাল সর্তারঘাট সেতু এলাকা থেকে তোলা প্রথম আলো

জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষনিধনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে রাউজানে এক ঘণ্টায় সাড়ে চার লাখ চারা রোপণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ চারাগুলো রোপণ করে স্থানীয়রা। এই কর্মসূচির আয়োজক স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ।

গতকাল বেলা ১১টায় উপজেলার পশ্চিম গহিরা সর্তারঘাট সেতুর কাছে চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও কর্মসূচির পৃষ্ঠপোষক এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষনিধনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গাছ লাগানো মহৎ কাজ। গাছ লাগানোর মধ্য দিয়ে রাউজানবাসী বিশ্বে আজ রেকর্ড করেছে।

চারা রোপণ শেষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন বলেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে একসঙ্গে বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করে গিনেস বুক অব ওয়ার্ল্ডের খাতায় নতুন রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত করতে সব তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে রোপিত চারাগুলোর পরিচর্যা করা হবে বলে তিনি জানান।

গতকাল বেলা ১১টার দিকে নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয় আঙিনায় চারা রোপণ করছে। শারমিন আকতার নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে পেরে ভালো লাগছে।

বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নে এক ঘণ্টায় ২৩ হাজার চারা রোপণ হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের লোকজন এ কর্মসূচিতে অংশ নিয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, রোপণ করা চারাগুলো ফলদ বৃক্ষের। এর মধ্যে রয়েছে কাঁঠাল, আম, জাম, জলপাই, বেল, আমলকি, লিচু, মাল্টা, খেজুর, ডালিম, সফেদা, আমড়া, লেবু, বাতাবি লেবু, মিষ্টি তেঁতুল, কমলা, আতা, কাঠ বাদাম, কামরাঙা।