রাঙা হালতির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসায় বসে ডিমে তা দিচ্ছে রাঙা হালতি। ডানে সদ্য ফোটা ছানা l ছবি: লেখক
বাসায় বসে ডিমে তা দিচ্ছে রাঙা হালতি। ডানে সদ্য ফোটা ছানা l ছবি: লেখক

বিশাল একটি গ্রামীণ বাগানের ভেতরে পাশাপাশি দু-তিনটি ডোবা ও নালা। বর্ষাকাল। ডোবা-নালাগুলো তাই জলে ভরা। ওরকম একটি নালা থেকে অনুমান ১২ ফুট দূরে নিবিড়-ঘন ঝোপঝাড়। আকাশে মেঘ। বাগানটির ভেতরে তাই যেন সন্ধ্যা নেমে গেছে।
মাঝারি আকৃতির মুরগির মতো একটি পাখি পা টিপে টিপে সন্তর্পণে এগিয়ে আসছে ঝোপঝাড়ের তলা দিয়ে। লিকলিকে লম্বা পা দুখানা সবুজাভ স্লেটরঙা। পায়ের নখর তুলনামূলকভাবে লম্বা, নখরগুলোর রংও পা দুখানার মতো। খাটো ঘাড়। ঘাড় ও মাথা-কপাল ঘন লালচে। তাতে বাদামির আভা ছড়ানো। পিঠ, ডানার উপরিভাগসহ লেজের উপরিভাগ চকচকে জলপাই-বাদামি হলেও হঠাৎ দেখায় পাখিটিকে পোড়া ইটের মতো লালচে। গলা ও থুতনি সাদা। বুক-পেট ও লেজের তলায় আড়াআড়িভাবে অনেকগুলো চমৎকার সাদা রেখা টানা। এই রেখাগুলো পাখিটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ঠোঁট স্লেটরঙা। চোখ টলটলে কালচে-নীলাভ। হাঁটতে হাঁটতে পাখিটি চমৎকারভাবে লেজটা মাঝে মাঝে দোলাচ্ছে, বুকের পালকগুলো ফোলাচ্ছে এবং মাথাটা দোলাচ্ছে শৈল্পিক ভঙ্গিতে।
পাখিটা এসে দাঁড়াল ছয় ফুট উঁচু একটা ঘন ঝোপের তলায়। মাথাটা ওপরমুখী করে গলায় তুলল মিষ্টি মোলায়েম একটা সুর। ডেকেই চলেছে। একটু বাদেই ঝোপটার মাঝামাঝি জায়গায় অল্প শব্দ ও অল্প দুলুনি জাগল, পরমুহূর্তেই পাকা আম পড়ার মতো একটি কুচকুচে কালো ছানা লাফিয়ে নামল পাখিটির সামনে, মাটিতে পড়েই ওটা উল্টে গেল হাস্যকর ভঙ্গিতে, পাখিটি ঠোঁট ও ঠোকর দিয়ে ওটাকে পায়ের ওপরে ভর করে দাঁড়াতে সাহায্য করল। তারপরে ছানাটিকে সঙ্গে নিয়ে রওনা হলো ঝোপঝাড়ের তলা দিয়ে। আনাড়ি ছানা। বয়স ওটার ২০ ঘণ্টাও হয়নি। তবু পিলপিল পায়ে অনুসরণ করছে বাবা পাখিটিকে। ছানাটি যেন তুলতুলে কালো রঙের একটি গোলগাল ধরনের মখমলের পুতুল। ঠোঁট সাদাটে, ঠোঁটের মাঝখান বরাবর আড়াআড়ি নীলাভ-কালচে রেখা একটা, ঠোঁটের আগা হাতির দাঁতের মতো সাদা। চোখ এমনই কালো যে, শরীরের কালোর ভেতরে চোখের রং আলাদা করা কষ্টকর।
পাখিটির নাম রাঙা হালতি। ইংরেজি নাম Slaty- Legged Crake। বৈজ্ঞানিক নাম Rattina eurizonoides। শরীরের মাপ ২৫ সেমি। ওজন গড়ে ২৫০ গ্রাম। বয়সী পাখিদের দেখতে যেমন বড় দেখায়, তেমনি ওজনেও বেশি হয়। অতি চতুর পাখি এরা। বিপদ বুঝলেই এরা যেন মাটির তলায় হাওয়া হয়ে যায়। চারণক্ষেত্র হিসেবে পছন্দ এদের গভীর-ঘন গ্রামীণ বন। সেই বনতলে ঝোপঝাড়-আগাছা থাকা চাই। মূলত মাটিতে হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে এরা। মূল খাদ্য পোকা-পতঙ্গ-কেঁচো ও শস্যদানা, কচি পাতা-ঘাস। নিয়মিত গোসল করে। বাসা বাঁধার ভরা মৌসুম জুলাই মাস। বাসার কাজ শেষ হওয়ার পর মেয়ে পাখিটি বাগান বা পাড়া কাঁপিয়ে বিকেল-গোধূলি এমনকি সারা রাতও ডাকে। ওই ডাকেই মানুষজন জেনে ফেলে, রাঙা হালতিটা বাসা করেছে, ডিম পাড়বে, ছানা ফোটাবে। তবে, এদের বাসা খুঁজে পাওয়া খুবই দুরূহ কাজ। মাটির ওপরেও বাসা করতে পারে, আবার ঘন-দুর্ভেদ্য ঝোপের ভেতরেও বাসা করতে পারে। শুকনো-সরু লতা-আঁশ-ঘাস ইত্যাদি দিয়ে চ্যাটালো ধরনের বাসা করে। ডিম পাড়ে চার থেকে সাতটি। ১৯-২১ দিনে বাচ্চা ফোটে। ক্বচিৎ ২৩-২৬ দিন পর্যন্ত লেগে যায়। প্রথম ছানাটি ফুটলে তার শরীর শুকোতে যতক্ষণ, ততক্ষণই বাসায় থাকে। কীভাবে যেন বাবা পাখিটি বুঝে ফেলে তা। সে এসে ছানাটিকে সঙ্গে নিয়ে দূরে চলে যায়। এভাবে সব ছানা যখন বাসা ছাড়ে, তখন মা পাখিটিও বাসা ছাড়ে। দুজনে মিলে ছানাদের নিয়ে চরে পোষা মুরগিদের ছানা চরানোর কৌশলে। ছানাদের ডানা-বুকের তলায় আগলে বসেও পোষা মুরগিদের মতো।
রাঙা হালতির বাসা-ডিম-ছানার সন্ধান আজ পর্যন্ত বাংলাদেশের অন্য কোথাও মেলেনি—আমার নিজের এলাকা (ফকিরহাট, বাগেরহাট) ছাড়া। যুগ যুগ ধরে ওরা বাসা করছে, ডিম-ছানা তুলছে। রাঙা হালতি ও হালতি (Hooded pitta) পাখির জীবনচক্র নিয়ে আমি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলাম।
লেখার শুরুতে যে বর্ণনা দিয়েছি, সেটা গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহের। আমরা ওই বাগানেরই সেই ঝোপটার কাছের একটা নালার ভেতর দাঁড়িয়ে ছিলাম অতি দুর্লভ একটা শট নেওয়ার আশায়—ছানাটি লাফ দিচ্ছে, শূন্যেই তার ছবি ধারণ করা। বাসায় অবশিষ্ট ছিল দুটি ছানা। প্রথমটির লাফিয়ে পড়ার বর্ণনা আমি দিয়েছি।