রাঙ্গাবালীতে ঝড়ে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঝড়ে চারটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবার গভীর রাতের ওই ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন স্থাপনা বিধ্বস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে বহু গাছপালা। বসতঘর হারিয়ে অনেকে এখন খোলা আকাশের নিচে রয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানায়, সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার, বাইলাবুনিয়া বাজার ও দারভাঙা বাজার এলাকায় প্রবল বেগে ঝড় আঘাত হানে। তিন মিনিট স্থায়ী এই ঝড়ে বিধ্বস্ত হয় চরমোন্তাজ ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি সংস্থা স্যাপ বাংলাদেশ-এর কার্যালয়, বন বিভাগের রেঞ্জ কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাইলাবুনিয়া জামে মসজিদ, দারভাঙা জামে মসজিদসহ বহু ঘরবাড়ি। এ ছাড়া ঝড়ে বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি এলাকায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
চরমন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের গৃহবধূ খালেদা বেগম (৩০) জানান, কিছু বুঝে ওঠার আগেই ঘরের টিনের চাল উড়ে যায়।
এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন জানান, তাঁদের স্কুলের চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে স্কুলটি।
চরমোন্তাজ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিন মিনিটের টর্নেডোতে তাঁদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে শতাধিক গাছপালা উপড়ে ও ভেঙে গেছে।
এদিকে উপজেলার মৌডুবি এলাকায়ও ঝড়ে মৌডুবি বাগেজান্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার চাল উড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে মাদ্রাসাসংলগ্ন বেশ কিছু বাড়িঘর।
চরমোন্তাজ ইউপির চেয়ারম্যান মো. হানিফ মিয়া বলেন, টর্নেডোর পর থেকে অনেক মানুষ খোলা আকাশের নিচে রয়েছে। নারী শিশুসহ ১০ জন আহত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে একটি গরু মারা গেছে। এখন জরুরি খাবারের পাশাপাশি আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এ বি এম সাদিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষসহ প্রশাসনের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
তপন কুমার ঘোষ বলেন, ইতিমধ্যে দুই শতাধিক বাড়িঘরসহ দুই শতাধিক স্থাপনার ক্ষতির খবর পেয়েছেন তাঁরা। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এ বি এম সাদিকুর রহমান জানান, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়া মানুষের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রগুলো খুলে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।