রাজধানীতে বৃষ্টিতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো টিপটিপ, কখনো মাঝারি ধারার বর্ষণে গতকাল ভিজেছে রাজধানী। কর্মব্যস্ত নগরে প্রায় দিনভর বৃষ্টিতে বিপাকে পড়তে হয়েছে পথচারীসহ বিভিন্ন পেশার মানুষকে। এর সঙ্গে জলজট ও যানজটের কারণে বেড়েছে ভোগান্তি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত রাজধানীতে ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন মৌসুমি বাতাসের প্রভাব বেশি থাকায় আরও কয়েক দিন এভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সময় দুপুর ১২টার দিকে গ্রিন রোড থেকে পান্থপথ যাওয়ার সময় দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পানি জমেছে। রিকশাচালকদেরও অনেককে পা গুটিয়ে রিকশার মধ্যে জড়সড় হয়ে বসে থাকতে দেখা গেছে। পানি জমে বসুন্ধরা সিটির পেছনের গার্ডেন রোডেও। তবে রাজধানীতে ওয়াসার উন্নয়নকাজ চলার কারণে পাড়া-মহল্লার মানুষকে বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে। এই এলাকাগুলোতে রাস্তা কাটা থাকার কারণে বৃষ্টির পানি জমে রাস্তায় কাদা জমে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডির ক্রিসেন্ট রোড, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, সেন্ট্রাল রোডের রাস্তাগুলোতে ওয়াসার উন্নয়নকাজ চলছে। এই এলাকার কাটা রাস্তায় বৃষ্টিতে কাদা-পানি যেন একাকার হয়ে গেছে।
রাজধানীতে দুপুর ১২টার দিকে নামে প্রবল বৃষ্টি। এ সময় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাতি শাখার ছুটি হয়ে গিয়েছিল। ফলে পথে নেমে আচমকা বৃষ্টিতে অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা গেছে। এমনই দুই বন্ধু শাহরিয়ার ও আসিফ। তারা ফার্মগেটের একটি বেসরকারি স্কুলে পড়ে। তারা জানায়, ‘গরমের মধ্যে হাঁপিয়ে উঠেছি। আর বৃষ্টিতে ভিজতে মজাই লাগে। তাই ভিজছি।’ কারওয়ান বাজার এলাকার আন্ডারপাসেও বৃষ্টি হলেই পানি ওঠে। এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন বেসরকারি চাকুরে জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, বৃষ্টি হলেই ভেতরে পানি জমে যায়। আর এখানের ময়লাসহ সেই পানি আরও নোংরা হয়ে যায়। বাধ্য হয়েই ইচ্ছার বিরুদ্ধে এটি মাড়িয়ে চলতে হয়।
বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ভোগান্তির পাশাপাশি রাস্তায় যানজটও ছিল প্রচণ্ড। আর এতে বেশ ভুগতে হয়েছে নগরবাসীকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, তিনি দুপুর সাড়ে ১২টায় কলাবাগান থেকে আগারগাঁও যাবেন বলে বাসে ওঠেন। পরে আগারগাঁও পৌঁছান ৩টা ৪০ মিনিটে। তিনি বলেন, বৃষ্টির কারণে অনেকে বের হতে পারেনি। পরে বৃষ্টি থামার পর যানজট বেড়ে যায়।