রাজধানীতে রাতে বৃষ্টি হতে পারে
রাজধানীতে আজ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, রাতে বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ সকালে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এমনটাই জানালেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সকালে রাজধানীর আকাশ মেঘলা ছিল। এরপর বেলা বাড়তেই রোদ ওঠে। এর ফাঁকে রাজধানীতে দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে, যা খুবই অল্প পরিমাণে। রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বেশি হবে। এসব জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি আকারের বৃষ্টি পর্যন্ত হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজারহাটে ৮০ মিলিমিটার। আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে।
রাজধানীতে আজ সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। তবে সকাল ছয়টা থেকে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল। মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। একটু বেলা হতেই অবশ্য সূর্যের দেখা মেলে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।