রাজধানীতে বৃষ্টিতে ভোগান্তি

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। কিন্তু দুপুর ১২টার সময় একেবারে ঝুম বৃষ্টি শুরু হয়। পথচারীরা যেন এই বৃষ্টির জন্য মোটেও তৈরি ছিলেন না। অনেকেই এতে ভিজে যায়। কেউ কেউ আশ্রয় নেয় যাত্রীছাউনি বা দোকানের নিচে। কারও কারও জন্য এই বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও অনেকেই এই হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন দেশে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। তাই এর ফলে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সংকেত রয়েছে। রংপুর, সিলেট ও চট্টগ্রামে এখন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতেও কয়েক দিন বৃষ্টি চলতে পারে।

আধা ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর পান্থপথ, নিউমার্কেট, শান্তিনগর, মগবাজার, হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। কাউকে কাউকে মনের আনন্দে ভিজতে দেখা গেছে।
পান্থপথ এলাকার বাসিন্দা জীবন রায় এই হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছেন। তিনি বলেন, ‘বাইরে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হইনি, কে জানত এত জোরে বৃষ্টি হবে! ভিজে গেছি। বাসায় গিয়ে আবার পোশাক বদলে বের হব।’