রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাতা-কলম আর সময়ের হিসাব-নিকাশে বর্ষাকাল এখনো আসেনি। আজ শনিবার কেবল ১৪ জ্যৈষ্ঠ। আষাঢ় মাস আসতে ১৬ দিন বাকি। এরই মধ্যে বৃষ্টিমুখর হয়ে পড়েছে সারা বাংলাদেশ। দেশের প্রায় সব এলাকাতেই কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সময় যত যাচ্ছে, এর মাত্রা আরও বাড়ছে। গত বৃহস্পতিবার সকাল থেকে আজ দুপুর পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। এর মধ্যে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় বৃষ্টি হয়েছে নয় মিলিমিটার।

বৃষ্টির পরিমাণ ঢাকার বাইরেও বেশ বেড়ে গেছে। আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ৭২ মিলিমিটার। আগের দিন শুক্রবার যা ছিল ফরিদপুরে ৪৪ মিলিমিটার।
এ ছাড়া আজ টাঙ্গাইলে ৫৫, রংপুরে ৫২, বগুড়া ও ঈশ্বরদীতে ৩৭, মংলায় ২৬, সাতক্ষীরায় ২৩, নেত্রকোনায় ১৭, সৈয়দপুরে ১৬, ময়মনসিংহে ১৪ ও ভোলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টি প্রভাবে গরমও বেশ কমে এসেছে। দেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল শুক্রবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে—৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এর মাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে—২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থান করছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে এটি বাংলাদেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। তখন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে।