>সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে তৈরি হয় আতঙ্ক। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি ও তা মোকাবিলায় পরিকল্পনা নিয়ে এই আয়োজন

প্রায়ই শোনা যায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার অধিকাংশ কিংবা অন্তত এক-তৃতীয়াংশ বাড়িঘর ধূলিসাৎ হয়ে যাবে। পাশাপাশি আরেকটি মত হলো, একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকার তেমন কিছু হবে না।

তবে ভূমিকম্পে ঢাকার ঝুঁকি আসলে কতটা, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এক গবেষণা অনুযায়ী, ঢাকায় নরম মাটিতে ও জলাশয় ভরাট করে তৈরি সুউচ্চ স্থাপনা ভূমিকম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির (টিআইটি) সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক এবং বর্তমানে দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এ এস এম মাকসুদ কামাল ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নিবিড় গবেষণা করেছেন। এই গবেষণায় তিনি শূন্য থেকে তোলা (এরিয়াল) ছবি, যুক্তরাষ্ট্রের নাসার ল্যান্ডসেড ও ভারতের আইআরএস স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে ঢাকার ৩০৫ বর্গকিলোমিটার এলাকার মাটির প্রকারভেদ নির্ণয় করেছেন। এতে দেখা যায়, এখানে প্রায় ২০ লক্ষ বছর আগের কঠিন মাটি (ঢাকার লাল মাটি, যার বৈজ্ঞানিক নাম প্লাইস্টোসিন ট্যারেস) যেমন রয়েছে, তেমনি রয়েছে নরম মাটিও। ওই ৩০৫ বর্গকিলোমিটারের মধ্যে ১০৯ বর্গকিলোমিটার লাল মাটি। বাকিটা নানা শ্রেণির নরম মাটি। নরম মাটির মধ্যে প্রায় ৪১ শতাংশ বা ৮৩ বর্গকিলোমিটার হচ্ছে জলাশয় ভরাট করা নিচু জমি।
এসব মাটির বৈজ্ঞানিক বিশ্লেষণ করে মাকসুদ কামাল দেখিয়েছেন, ঢাকায় ১৭ প্রকার মাটি রয়েছে। যেসব এলাকায় জলাশয় ও নিচু জমি ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে, সেসব স্থানকে এর গভীরতা বা ঘনত্বের বিচারে মোট চারটি শ্রেণিতে বিভক্ত করেছেন তিনি। এরপর সর্বাধুনিক ‘মাইক্রো ট্রেমর’ যন্ত্র দিয়ে নগরের ১৮৪টি স্থান থেকে এবং ‘বোর হোল’ পদ্ধতিতে (যে পদ্ধতিতে বাড়িঘর বা অন্য কোনো স্থাপনা করতে বৈজ্ঞানিক উপায়ে গর্ত করে মাটি পরীক্ষা করা হয়) ১৬৪টি স্থান থেকে তথ্য সংগ্রহ করে ভূমিকম্পের সময় বিভিন্ন রকম মাটির আচরণ (রেসপন্স) নির্ণয় করেছেন। এতে দেখা গেছে, ঢাকার নরম মাটি এবং ভরাট করা এলাকার মাটি ভূমিকম্পের একটি নির্দিষ্ট মাত্রার কম্পন তরঙ্গকে অতিমাত্রায় বাড়িয়ে দেয়।
ড. মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘ভূবিজ্ঞান অনুযায়ী আমাদের পায়ের তলার মাটি ও মাটির ওপরে নির্মিত যেকোনো স্থাপনা একটি নির্দিষ্ট গতিতে সদা কম্পমান। একেক ধরনের মাটির কম্পন একেক রকম। কোনো একটি স্থানের মাটি এবং সেই মাটির ওপর নির্মিত স্থাপনার কম্পনের গতি ও মাত্রা যদি সমান হয়, তাহলে ভূমিকম্পের সময় ওই নির্দিষ্ট স্থাপনার কম্পনের মাত্রা ও সময় বেড়ে যায়। ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়, ধসে পড়ে।’ তিনি গবেষণার ফলাফলে দেখিয়েছেন, ঢাকার নরম মাটি ও ভরাট করা এলাকার মাটির কম্পন এবং এসব মাটির ওপর গড়ে তোলা ৯ থেকে ১৪ তলা উচ্চতার স্থাপনাগুলোর কম্পন সমান। এ জন্য এসব মাটিতে গড়ে ওঠা ওই উচ্চতার স্থাপনাগুলোর ভূমিকম্প ঝুঁকি বেশি। একই সঙ্গে এসব জায়গার মাটি নরম হওয়ায় এই মাটি ভূমিকম্পের বিশেষ কম্পন তরঙ্গকে বাড়িয়ে দেয় বলে ঝুঁকিও বেড়ে যায়।
এসব কারণের সঙ্গে অধিকাংশ স্থাপনার নিম্নমান ভূমিকম্পে ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। এসব কারণেই বলা হয়, একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ব্যাপক ক্ষতি হবে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংস্থা ইউনেসকো ১৯৯৯ সালে পৃথিবীব্যাপী যে রেডিয়াস (রিস্ক অ্যাসেসমেন্ট টুলস ফর ডায়াগনোসিস অব আরবান এরিয়াস এগেইনস্ট সাইসমিক ডিজাস্টার) জরিপ পরিচালনা করে, তার ফল অনুযায়ী ভূমিকম্পে অত্যধিক ঝুঁকিপূর্ণ পৃথিবীর ২০টি বড় নগরের মধ্যে ঢাকা একটি।
ঢাকার এই ঝুঁকির কারণ যতটা না ভূতাত্ত্বিক, তার চেয়ে অনেক বেশি অবকাঠামোগত। এর জন্য মানুষ দায়ী। মানুষই এই ঝুঁকি কমাতে পারে। এ জন্য বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা অপরিহার্য। ভূমিকম্পের সময় মানুষকে উদ্ধার করারও যথাযথ ব্যবস্থা রাখতে হবে। ঢাকায় এগুলো একেবারেই করা হয় না। তাই ভূমিকম্প হলে ঢাকায় ক্ষয়ক্ষতিও বেশি হওয়ার আশঙ্কা প্রবল।
বিশেষজ্ঞরা বলেন, যদি ঢাকার কোন এলাকার কোন ধরনের মাটিতে কত তলা পর্যন্ত স্থাপনা নির্মাণ নিরাপদ, তা জেনে সে অনুযায়ী নির্মাণ বিধিমালা অনুসরণ করে স্থাপনা নির্মাণ করা হয়, তাহলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকার তেমন ক্ষতি হবে না। তবে ভূমিকম্পটি কোথায় হচ্ছে, উৎসস্থল কোথায়, তার ওপরও ক্ষয়ক্ষতি নির্ভর করে।
জার্মানির সহায়তায় গবেষণা: জার্মান সরকারের কারিগরি সহায়তায় ঢাকার ভূতাত্ত্বিক গঠন ও নির্মিত ভবন সম্পর্কে গবেষণা করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। ঢাকার যেসব এলাকায় নিচু জমি ভরাট করে ভবন করা হয়েছে, তেমন কয়েকটি এলাকায় পরিচালিত ‘ঢাকা মহানগরীর বিল্ডিং গ্রাউন্ড ইনফরমেশন সিস্টেম’ শীর্ষক এই গবেষণায় পাওয়া তথ্যে দেখা যায়, নিচু জমি ও জলাশয় ভরাট করে তৈরি করা প্রায় সব ভবনের ভিত্তি (ফাউন্ডেশন) মাটির অত্যন্ত দুর্বল উপরিস্তরে। ফলে মাঝারি মাত্রার কোনো ভূমিকম্প হলে এসব ভবন ধসে পড়ার আশঙ্কা প্রবল।

মনে রাখা জরুরি
* ভূমিকম্প ঝড়-জলোচ্ছ্বাস, বন্যা-খরার মতোই প্রাকৃতিক ঘটনা।
* ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া এখন পর্যন্ত সম্ভব নয়।
* বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকায়।
* অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সময় এখানে ভূমিকম্প হতে পারে।
* মানুষ এই দুর্যোগ সম্পর্কে সচেতন হলে এবং বাড়িঘরসহ যাবতীয় অবকাঠামো ভূমিকম্প প্রতিরোধী করে নির্মাণ করলে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া সম্ভব।
* ভূমিকম্প প্রতিরোধী বাড়িঘর ও অবকাঠামো তৈরি করতে সাধারণ বাড়িঘরের তুলনায় খুব বেশি খরচ করতে হয় না।
* ভূমিকম্পের সময় ও পরে কী করতে হবে সে বিষয়ে জানতে হবে।
* যেকোনো দুর্যোগের সময় একে অন্যকে সাহায্য করার মানবিক ও সামাজিক সংস্কৃতি দুর্গতির মাত্রা ও ক্ষয়ক্ষতি অনেক কমাতে পারে।
* ভূমিকম্প শুরু হলে সম্ভাব্য নিরাপদ জায়গায় অবস্থান নিতে হবে। ভীতসন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করলে বিপদ বাড়তে পারে।