রাজধানীসহ সারা দেশে কালবৈশাখী, চট্টগ্রামে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার দিবাগত রাতে বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে। রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাজধানীতে ৫৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
ঝড়বৃষ্টির এই আবহাওয়ার মধ্যেই গতকাল রাত সোয়া নয়টায় চট্টগ্রামে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সোমবার প্রথম আলোকে বলেন, প্রায় সারা দেশেই গতকাল দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে। রাঙামাটি, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি ও ঝড় হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুর ও রাঙামাটিতে, ২৫ মিলিমিটার।
আজ রাজধানীতে আর বৃষ্টি হবে কি না, প্রশ্নের জবাবে তরিফুল নেওয়াজ কবির বলেন, কিছু সম্ভাবনা আছে। তবে এখন রাজধানীর ঝড়বৃষ্টির প্রবণতাগুলো হলো, সাধারণত রাতে এসব হচ্ছে। কালবৈশাখী সাধারণত বিকেলের দিকে হয়। রাজধানীতে রাতে হওয়ার কারণ, ঝড় পশ্চিমবঙ্গে বা দেশের ওপরের দিকে রংপুর অঞ্চলে সৃষ্টি হচ্ছে। এটা রাজধানীতে আসতে রাত হয়ে যাচ্ছে।
আজও ঢাকা, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।