রাজনগরে আট প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের নতুন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন সপ্তাহ ধরে পানিবন্দী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের নতুন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন সপ্তাহ ধরে পানিবন্দী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়েছে। অভিভাবকেরা নৌকায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করছেন। এতে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান ব্যাহত ও শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।
স্থানীয় এবং ওই সব বিদ্যালয় সূত্রে জানা গেছে, কাউয়াদীঘি হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ও উত্তর অন্তেহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়েছে। এসব বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তাও ডুবে গেছে। বিদ্যালয়ের চারদিকে থইথই করছে পানি। বিদ্যালয় এলাকায় কচুরিপানা এসে ভিড় করছে। এতে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে গেছে। তবে গত মঙ্গলবার (৪ আগস্ট) থেকে বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িকী পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকেরা ছাত্রছাত্রীদের নৌকা করে বিদ্যালয়ে আনা-নেওয়া করছেন। যেসব শিক্ষার্থীর অভিভাবকের নৌকা নেই, তারা বিদ্যালয়ে আসছে না। পরীক্ষাতেও অনুপস্থিত থাকছে।
ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পানি কমছে না। এখনো শ্রেণিকক্ষে পানি রয়েছে। বিদ্যালয়ে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে গ্রামের সরফরাজ চৌধুরীর বাড়ির একটি ঘরের বারান্দায় ক্লাস নিচ্ছি।’
এদিকে নতুন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় সোনাপুর জামে মসজিদের বারান্দায় ক্লাস করানো হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস বলেন, ‘হাওরে পানি বেড়ে গিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। পানি ও কচুরিপানার কারণে বিদ্যালয়ে যাওয়া যাচ্ছে না। আমরা মসজিদের বারান্দায় ক্লাস নিচ্ছি। পানির কারণে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে।’
আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটিতে পানি ঢুকেছে। এতে অন্য ভবনের প্রাথমিক বিভাগের শ্রেণিকক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। একটি কক্ষে ছাত্রছাত্রী গাদাগাদি করে বসায় স্বাভাবিক পাঠ দেওয়া সম্ভব হচ্ছে না।
রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, পাঠদান ব্যাহত না হওয়ার জন্য বিকল্প ব্যবস্থায় ক্লাস নেওয়া হচ্ছে। হয়তো এক ভবনে পানি উঠেছে, অন্যটিতে ওঠেনি। আবার কোনোটার উঠানে পানি এসেছে। ক্লাসরুমে পানি ঢোকেনি। যে কক্ষে পানি নেই, সে কক্ষে ক্লাস নেওয়া হচ্ছে। তবে এই বিদ্যালয়গুলোর চারদিকেই পানি রয়েছে।