রাজনৈতিক অঙ্গীকার ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব না

পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। উন্নয়নের সময় পরিবেশকে গুরুত্ব না দিলে সেই উন্নয়ন টেকসই হবে না বলেও মন্তব্য করেছেন তাঁরা।
আজ শনিবার প্রথম আলো ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘রক্ষা করি পরিবেশ-গড়ি সোনার বাংলাদেশ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। দেশের শীর্ষস্থানীয় পরিবেশ বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
বৈঠকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, পরিবেশের সমস্যাগুলো সবাই জানে। এ বিষয়ে অনেক নীতি, আইন, কৌশলপত্র ও কর্মপরিকল্পনাও আছে। কিন্তু সঠিকভাবে এগুলোর বাস্তবায়ন হচ্ছে না। তিনি আরও বলেন, যারা বন-জলাভূমি ও পরিবেশ ধ্বংস করছে, তাদের হাত এত শক্তিশালী যে সরকারি সংস্থা ও নাগরিক সমাজ একযোগে দাঁড়ালেও তাদের সঙ্গে পেরে উঠবে না। তাই পরিবেশ রক্ষায় দেশের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক অঙ্গীকারের ওপরে জোর দেন তিনি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ ফাইন্যান্স অফিসার ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) ইমতিয়াজ ইবনে সাত্তার পরিবেশ রক্ষায় ব্যাংকটির নানা পদক্ষেপের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি পরিবেশবিষয়ক নানা ধরনের চ্যালেঞ্জের মুখে আছে। পরিবেশ রক্ষা করে কীভাবে অর্থনীতি ও জীবনমানের উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী চুরি রোধে বন বিভাগকে কাজ করতে হচ্ছে। আবার বনের প্রতিবেশ ব্যবস্থাকেও রক্ষা করতে হচ্ছে। তিনি বলেন, অনেক সময় পরিবেশের কথা চিন্তা না করে বনভূমি ও জলাভূমি ইজারা দিয়ে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, বিশ্বজুড়ে পরিবেশ বিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে। বাংলাদেশের উন্নয়নকেও টেকসই ও সামাজিকভাবে ন্যায়সংগত হতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এটিএম নুরুল আমিন বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় টেকসই উন্নয়নবিষয়ক নতুন লক্ষ্যমাত্রা এসডিজি অনুমোদন হবে। এর পর থেকে বিশ্বের প্রতিটি দেশ উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে তাতে পরিবেশকে আমলে নিতে হবে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, অনেক মনে করে বন, বন্যপ্রাণী ও জলাভূমি না থাকলে কী সমস্যা? কিন্তু তারা এটা জানে না, মানুষ পৃথিবীর প্রতিবেশ ব্যবস্থার একটি অংশ মাত্র। এর মধ্যে উদ্ভিদ আছে, অন্য প্রাণীরাও আছে। এদের ধ্বংস করে ফেললে একদিন মানুষ নিজেও ধ্বংস হয়ে যাবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যানজট নিরসনের শিক্ষা, মহাকাশ গবেষণা কেন্দ্রকে বন ধ্বংসের চিত্র তুলে ধরার কাজে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া বন বিভাগ ও রাজউক যদি ঢাকার বনায়নে একসঙ্গে কাজ করে তাহলে বাড়তি খরচ ছাড়াই দেশের পরিবেশ রক্ষা করা যাবে।
বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক পরামর্শক ইসতিয়াক সোবহান বলেন, পৃথিবীর বেশির ভাগ সমস্যা মানুষ নিজে সৃষ্টি করেছে। এখন মানুষ নিজেই এসব সমস্যার কারণে বিপন্ন হতে চলেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আলমগীর হোসেন বলেন, বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে ৩৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। আবার দারিদ্র্য বিমোচনও করতে হবে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার বিষয়টিকেও বিবেচনা করতে হবে।
বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক সামিনা মজুমদার তুলি ঢাকা শহরের নগরায়ণের ধরন তুলে ধরে বলেন, নতুন ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবনের একাংশ ফাঁকা রাখা হলেও তা ইট-বালু ও সিমেন্ট দিয়ে বাধাই করে দেওয়া হচ্ছে। ফলে সেখান দিয়ে বর্ষায় বৃষ্টির পানি ভূগর্ভে যেতে পারছে না। জলাবদ্ধতা হচ্ছে। আবার গ্রীষ্মকালে ওই পাকা জায়গায় সূর্য রশ্মি পড়ে ভবনের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর জলবায়ু অর্থায়ন ও সুশাসন প্রকল্পের জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো প্রবলভাবে দেখা যাওয়ার সময় সরকার নিজে জলবায়ু তহবিলের বরাদ্দ কমিয়ে দিয়েছে। ২০১২ সালের পর উন্নয়ন সহযোগীরা আমাদের জলবায়ু তহবিলে অর্থায়ন করছে না। অন্যদিকে সরকার সুন্দরবনের কাছে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।
গোলটেবিল বৈঠকে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম প্রযুক্তির সঠিক ব্যবহারের মধ্য দিয়ে বিদ্যুৎসহ অন্যান্য সম্পদের ব্যবহার কমিয়ে আনার ওপরে জোর দেন।