রাজশাহীতে তীব্র শীতের কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গত রবি ও সোমবার—এই দুই দিনে আরও ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বুধবার থেকে সোমবার পর্যন্ত ছয় দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ শিশুর মৃত্যু হলো।
এ ছাড়া গত সোমবার আরও ৬৩ শিশু এবং গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত আরও ২০ শিশু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই শীতের মধ্যে শিশুরা সবচেয়ে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে।
গত রোববার ও সোমবার হাসপাতালে প্রতিদিন নয়টি করে শিশু মারা গেছে। আর গত বুধবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয় ৩৮টি শিশুর। মোট ৫৬ শিশুর অর্ধেকই নিউমোনিয়ায় মারা গেছে। বাকিরা মারা গেছে ডায়রিয়া ও অন্যান্য রোগে।
হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ১২ দিন ধরে চিকিৎসাধীন গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের নাসরিন বেগমের নবজাতক। নাসরিন বেগম গতকাল বলেন, ‘বাচ্চার নাক থেকে অক্সিজেন খুলে দিলেই বাচ্চা কালো হয়ে যাচ্ছে। বাচ্চার নাকে বড়দের মতোই সর্দি। অথচ চিকিৎসকেরা বলছেন ঠান্ডা লাগেনি।’
চাঁপাইনবাবগঞ্জের হযরত আলী জানান, তাঁর বাচ্চার নিউমোনিয়া হয়েছে। ১৫ দিন ধরে হাসপাতালে রয়েছেন।
ডায়রিয়ায় আক্রান্ত এক বছরের মেয়েকে নিয়ে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় রয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলী হোসেন। তিনি জানান, গত সোমবার তাঁর মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আবার ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ঠান্ডাজনিত সমস্যায় শিশু আগের চেয়ে বেশি ভর্তি হচ্ছে এটা ঠিক আছে। তবে এত শিশু মারা যাচ্ছে—সেটা ওয়ার্ড থেকে তাঁদের জানানো হচ্ছে না। তিনি বলেন, ‘আমাদের ত্রুটির কারণে কোনো শিশু মারা যাচ্ছে না। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’
তৌফিকুল ইসলাম বলেন, শিশু ওয়ার্ডের কক্ষগুলো গরম রাখার জন্য হিটার ব্যবহার করা হয়। কয়েকটি হিটার নষ্ট ছিল, সেগুলো ঠিক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই হাসপাতালে প্রতিদিন গড়ে চারটি শিশুর মৃত্যু হয় বলে জানান তিনি।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন রাজশাহীর তাপমাত্রা সারা দেশের মধ্যে সর্বনিম্ন ছিল। গতকাল তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।