রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সে.
রাজশাহীতে গতকাল মঙ্গলবার চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১২ জানুয়ারি চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২০ দশমিক ৭।
রাজশাহী কার্যালয়ের আবহাওয়া কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে। চলতি মাসের শেষে রাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।
আশরাফুল আলম আরও বলেন, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। গতকাল দিবাগত রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।
ঢাকা আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, রাজশাহীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।