রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা
ঘন কুয়াশাঢাকা সকাল। সূর্যের দেখা মিলেছে সকাল সাড়ে নয়টার দিকে। এ কারণে মানুষের সকালও শুরু হয়েছে দেরিতে। আজ সোমবার সকালে এমন দৃশ্য দেখা গেছে রাজশাহীতে। সেখানে আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রার কারণে রাজশাহী অঞ্চলের মানুষের ওপর জেঁকে বসেছে শীত। তীব্র শীতে, বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
আগের দিন গতকাল রোববার রাজশাহীর তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সূর্য দেখা গেছে দুপুরের পরে।
গতকাল রাজশাহীর আকাশে মেঘ থাকায় তাপমাত্রা নিচে নামেনি। আজ মেঘ কেটে যাওয়ায় হঠাৎ করে তাপমাত্রা নিচে নেমে গেছে।
রাজশাহী শহরের কয়েকজন বাসিন্দা জানান, উষ্ণ পোশাক পরার পরও আজ ঠান্ডা কাটছে না। ঠান্ডায় হাত-পা ধরে আসছে। সকাল সাড়ে নয়টার দিকে সূর্য উঠেছে। এরপর শীতের তীব্রতা একটু কমেছে।