রাজশাহীতে হঠাৎ আকাশ কালো হয়ে রাতের আঁধার

ঘড়ির কাঁটা দুপুর ১২টা ছুঁই ছুঁই। হঠাৎ আকাশের আলো নিভে গেল। নেমে এল রাতের কালো। কাছের জিনিসও দেখা যায় না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু। প্রথমে হালকা, তারপর হুড়মুড়িয়ে। মুহুর্মুহু বজ্রপাত। প্রকৃতির এই অদ্ভুত পাগলা রূপ আজ বুধবার দেখা গেল রাজশাহীতে।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা থেকে এখানে বৃষ্টি শুরু হয়। তবে ঝড় হয়নি।
দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময়ও হালকা বৃষ্টি পড়ছে। শুরুতে আকাশ অন্ধকারে ছেয়ে গিয়েছিল। তবে কিছু সময় ধরে বৃষ্টি ঝরার পর অন্ধকার ফিকে হয়ে আসে। ঝোড়ো বাতাস না থাকলেও মুহুর্মুহু বাজ পড়ছিল।
ভরদুপুরে আবহাওয়ার এমন আচরণে রাজশাহী শহরের রাস্তাঘাট প্রায় যানবাহনশূন্য হয়ে পড়ে। পথচারীরা শহরের বিভিন্ন দোকানে আশ্রয় নেন।
রাজশাহীর আড়ানী রেলস্টেশনে থাকা যাত্রী রিপন আলী বলেন, তিনি রাজশাহী থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। ট্রেন আড়ানী স্টেশনে থামার সঙ্গে সঙ্গে চারদিকে রাতের মতো অন্ধকার নেমে আসে। তারপর শুরু হয় বৃষ্টি। প্রকৃতির এমন রূপ সচরাচর দেখা যায় না।