রাজশাহীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে বেলা তিনটা। খাঁ খাঁ রোদ। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এল। ১৫ মিনিটের মাথায় দু-এক ফোঁটা করে বৃষ্টি। তারপর শুরু একসঙ্গে ঝড়-বৃষ্টি। হঠাৎ ঝড়-বৃষ্টিতে শহরের রাস্তায় চলমান মানুষ অপ্রস্তুত হয়ে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, এই বৃষ্টিতে আমের সদ্য ফোটা মুকুলের ক্ষতি হতে পারে।

এদিকে বৃষ্টি শুরুর পরপরই শহরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি জ্বেলে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ বিকেল চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে ঝড়-বৃষ্টি চলছিল।
রাজশাহীর আবহাওয়া অফিস সূত্র জানায়, বিকেল পৌনে চারটা পর্যন্ত রাজশাহীতে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়ের গতিবেগ এখনো পর্যন্ত নির্ণয় করা হয়নি।
রাজশাহীর ফল গবেষণাকেন্দ্র সূত্র জানায়, এবার রাজশাহীর ১৬ হাজার ৫৮৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।
বৃষ্টিতে আমের কী পরিমাণ ক্ষতি হতে পারে—জানতে চাইলে রাজশাহীর ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশির ভাগ গাছের আমের মুকুলের পরাগায়ন হয়েছে। আমের কোনো ক্ষতি হবে না। তবে যেসব গাছের পরাগায়ন এখনো হয়নি, সদ্য মুকুল ফুটেছে, সেসব আমের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।