রাজেশ্বরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজেশ্বরী l ছবি: আদনান আজাদ
রাজেশ্বরী l ছবি: আদনান আজাদ

বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত এক গ্রাম থেকে চিতলমারী উপজেলার চিত্রা নদীর পারের ‘চিত্রা সুন্দরী বন’ দেখার জন্য রওনা হলাম। পথের পাশের একটা পুকুরের পানিতে পোষা পাতিহাঁসের দলে দেখলাম একটি অন্য রকম হাঁস, হাঁসটি চরছে সাবলীল ভঙ্গিতে। রিকশা থামালাম। কাছে গিয়ে হাঁসটিকে দেখে চিনলাম, অবাক হলাম।
একটু খুঁজতেই পাওয়া গেল হাঁসের মালিককে। ভদ্রলোক আমার প্রশ্নের উত্তরে জানালেন, মাছ ধরাই তাঁর পেশা। দূরের বিলে মাছ ধরতে গিয়ে তিনি একটা খেতের ভেতরে বুনো হাঁসটিকে দেখতে পান। হাঁসটি জাল-ফাঁদে পড়ে মুক্তি পেতে গিয়ে ডানা-পা ক্ষতবিক্ষত করে ফেলেছে। ধাওয়া করে ধরেন তিনি। নাইলনের সুতোর টানে ডান পাখার গোড়া থেকে প্রায় অর্ধেকই বিচ্ছিন্ন হয়ে গেছে, ওড়ার ক্ষমতা নেই। বাধ্য হয়েই পোষ মেনে গেছে। বাড়ির পাতিহাঁসদের সঙ্গে মিলেমিশে থাকে। ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের। ১৯৬২ সালে আমার বাবার গুলিতে এই প্রজাতিরই একটি বুনো হাঁস আহত হয়েছিল, সেটাকে আমি ভালোবেসেছিলাম, পুষেছিলাম, সেটি পুরোপুরি সুস্থও হয়ে গিয়েছিল। এক শিলাবৃষ্টির দিনে সে মন-প্রাণভরে শিলাস্নান করে হঠাৎ করেই কোথায় যেন উধাও হয়ে যায়।

এই হাঁসটি বাংলাদেশের পরিযায়ী হাঁসদের ভেতর অন্যতম সুন্দর হাঁস। নাম রাজেশ্বরী। চেহারা ও চালচলনে একটা রাজকীয় ভাব আছে। আরও কয়েকটি নামও আছে—মানিকজোড় হাঁস, লালা হাঁস, শাহ চখা ইত্যাদি। টুকটুকে আলতা-লাল ঠোঁট, কপালের বর্মটিও একই রকম লাল, মাথা-চিবুক-ঘাড়-গলা কুচকুচে কালো, বুকের উপরিভাগ ও ঘাড় তুলোট সাদা, বুক গাঢ়
লালচে-বাদামি—চওড়া বন্ধনীযুক্ত, ওই বন্ধনী ঘাড়ের ওপর দিয়ে চওড়াভাবেই বয়ে গেছে। ডানার চওড়া কালো প্রান্ত বাদে বাদবাকি শরীর ওই তুলোট সাদাই। পেটের তলায় একছোপ কালো রং। পা লালচে।

পুরুষ ও মেয়ে পাখি দেখতে একই রকম। লাল-কালো-সাদা ও বাদামি রঙের আশ্চর্য কারুকাজ এদের শরীরজুড়ে। দূর থেকে দেখলে বাদামি রংটাকে আলতার মতো লাল লাগে। মূল খাবার এদের কচিঘাস-ব্যাঙ-পোকা-ছোট মাছ-গুগলি ও নানান ধরনের শস্যবীজ। দলে চরে। শীতে বাংলাদেশের সব হাওর-চর-বিল ও মোহনায় দেখা যায়।

হাঁসটির ইংরেজি নাম Common Shelduck. বৈজ্ঞানিক নাম Tadorna tadorna. মাপ ৬৩ সেন্টিমিটার। ওজন দেড়-দুই কেজি। ডিম পাড়ে ৮-১২টি। মেয়ে পাখি একাই তা দেয় ডিমে। ২৮ দিনে ডিম ফুটে ছানা হয়। ছানারা উড়তে পারে ৫৬ দিন পরে।

আমাদের দেশে আসে ওরা বাঁচার জন্য, বাঁচতে কি পারে?